ঢাকা   মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এখন মোনাজাতে কাঁদছে শেখ হাসিনা

Authorরেডিও বার্তা অনলাইন

আপডেট: ১২ মে ২০২৫, ১১:২৩ পিএম

এখন মোনাজাতে কাঁদছে শেখ হাসিনা

সম্পাদকীয় ডেস্ক | রেডিও বার্তা

যে নাম এক সময় ছিলো ক্ষমতার প্রতীক, যিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক নেত্রী, আজ তিনি এক অসহায় নারীর প্রতিকৃতি হয়ে উঠেছেন। তার দল নিষিদ্ধ, নেতৃত্ব প্রশ্নবিদ্ধ, এবং তার চারপাশে সৃষ্টি হয়েছে নিঃসঙ্গতার এক কুণ্ডলী। আজ তিনি মোনাজাতে কাঁদছেন—হয়তো অতীতের সেই অপরাধ, অবিচার, হত্যা, গুম, দুর্নীতির বোঝা বহন করতে করতে আজকের এই নিষেধাজ্ঞার পরিণতি তাকে ভেঙে ফেলেছে।

শেখ হাসিনার এই কান্না কেবল ব্যক্তিগত যন্ত্রণা নয়, এটি এক ঐতিহাসিক পরিণতির বহিঃপ্রকাশ। এতদিন যিনি শাসন করেছেন লোহার শাসনে, বিরোধীদের কণ্ঠরোধ করেছেন, প্রতিবাদ দমন করেছেন, আজ সেই নেত্রীই নিজের দলের নামটাও উচ্চারণ করতে পারছেন না সাবলীলভাবে।

যে দল ৭৫-এর হত্যাকাণ্ডের পর দীর্ঘ সংগ্রাম করে ফিরেছিল রাজনীতির মাঠে, সেই আওয়ামী লীগ আজ নিষিদ্ধ সংগঠনের তালিকায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে দলটির সব অঙ্গসংগঠন, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর পেছনে আছে সন্ত্রাসবিরোধী আইনের ধারায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ, নিপীড়নের ইতিহাস এবং দেশের মানুষের দীর্ঘস্থায়ী ক্ষোভ।

শেখ হাসিনা হয়তো ভাবেননি এমন দিন একদিন তার জীবনেও আসবে। হয়তো ভাবতেন, তিনি চিরকাল থাকবেন অনন্ত ক্ষমতার আসনে। কিন্তু সময় তাকে দেখিয়ে দিল, যে পাপ মানুষ করে, সে পাপ তার বাপকেও ছাড়ে না। ইতিহাস ভুলে যায় না, বরং ইতিহাস একদিন তার পাওনা বুঝিয়ে দেয়।

আজ শেখ হাসিনার কান্না যেন এক সরব শিক্ষা হয়ে দাঁড়ায় বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সামনে। যারা এখনো মনে করছেন, জনগণকে দূরে সরিয়ে রেখে, গুম-খুন-দুর্নীতির রাজনীতি করে তারা টিকে যাবেন, তাদের জন্য শেখ হাসিনার এই পরিণতি একটি জীবন্ত উদাহরণ।

দেশের রাজনীতি যদি দেশপ্রেমের ভিত্তিতে না গড়ে উঠে, যদি তা ব্যক্তিস্বার্থ, পরিবারতন্ত্র ও দুর্নীতির ওপর দাঁড়িয়ে থাকে, তবে এমন পরিণতি হবেই। পেটনীতি দিয়ে দেশ চলে না, চলে না ক্ষমতার জোরে। গণতন্ত্র মানে প্রতিহিংসা নয়, গুম নয়, হত্যা নয়, বিরোধী মতের প্রতি সহিংসতা নয়।

শেখ হাসিনার কান্না আমাদের মনে করিয়ে দেয়—ক্ষমতা ক্ষণস্থায়ী, আর অন্যায় অবিচারের রাজনীতি চিরস্থায়ী হতে পারে না। এই কান্না যেন নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য একটি শিক্ষা হয়ে দাঁড়ায়, যে রাজনীতি মানে সেবা, আত্মত্যাগ, জনগণের পাশে থাকা। আর যদি কেউ পাপের জাল বোনে, তবে তাকে ইতিহাস একদিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেই।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!