আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে নড়াইল সদর উপজেলায় এক ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা ও ছেলেসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নিহতরা হলেন- বড়কুলা গ্রামের বাসিন্দা খলিল শেখ (৬৫), তার ছেলে তাহাজ্জুদ শেখ (৪০), একই গ্রামের প্রতিবেশী ফেরদৌস শেখ (৩৩) এবং ওসিকুর ফকির।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রের বরাতে জানা যায়, সিঙ্গাশোলপুর ইউনিয়নে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এই দুই গ্রুপের একটির নেতৃত্বে রয়েছেন স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্যা। অন্যদিকে, প্রতিপক্ষ গ্রুপের নেতৃত্বে রয়েছেন আরেক সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ। মূলত এই দুই সাবেক জনপ্রতিনিধির ক্ষমতার দ্বন্দ্বে বলি হলেন এই চার সাধারণ মানুষ।
সোমবার ভোরে এই বিরোধ চরম আকার ধারণ করে। উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। পাল্টাপাল্টি এই হামলায় ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান।
নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার রেডিও বার্তাকে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।






