ঢাকার ২৩ গ্রিন রোডে অবস্থিত ইউনিকো হাসপাতালের নিজস্ব প্রাঙ্গণে একটি জাতীয় নার্সিং কর্মশালা অনুষ্ঠিত হয়, যার বিষয় ছিল ‘রোগীদের সুরক্ষা’।
রোববার (৪ মে) অনুষ্ঠিত এই কর্মশালায় স্বাস্থ্যসেবা খাতের দুই শতাধিক কর্মী অংশগ্রহণ করেন। কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ সেবা প্রতিটি সময়, প্রতিটি ক্ষেত্রে, প্রত্যেকের দ্বারা’ (Safe Care, Every Time, Everywhere by Everyone)।
কর্মশালায় রোগী সুরক্ষা বিষয়ক বিভিন্ন সেশন পরিচালিত হয়, যার মধ্যে ছিল আন্তর্জাতিক রোগী সুরক্ষা লক্ষ্য (International Patient Safety Goal), পড়ে গিয়ে আহত হওয়া রোধ এবং নিরাপদ ঔষধ সেবন নিশ্চিতকরণ। অংশগ্রহণমূলক সেশনগুলোতে ভিডিও প্রদর্শনী, কেস স্টাডি এবং আইপিএসজির স্টলও স্থান পায়।
২৫০ শয্যাবিশিষ্ট ইউনিকো হাসপাতাল তার কার্যক্রম শুরু করেছে চলতি বছরের জানুয়ারিতে, যা ভারতের কেরালার রাজাগিরি হাসপাতালের কারিগরি সহযোগিতায় পরিচালিত হচ্ছে।
এই কর্মশালার মাধ্যমে রোগীর সুরক্ষার জন্য চেকলিস্ট তৈরি, সেবা মান নিয়মিত নিরীক্ষণের পরিকল্পনা গ্রহণ এবং সেবা প্রদানে প্রতিরোধযোগ্য ভুলত্রুটি হ্রাসের প্রতিশ্রুতি নেওয়া হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ইউনিকো হাসপাতালের নার্সিং বিভাগের চিফ নার্স গ্রেসি আব্রাহাম এবং অন্যান্য অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ। প্রধান অতিথি ছিলেন ইউনিকো হাসপাতালের সিইও আর্ড্রা কুরিয়েন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শরীফ আহমেদ, চিফ অব মেডিকেল সার্ভিসেস।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীরাও দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেন। সমাপ্তিতে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র প্রদান করা হয়।





