ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৮

Authorস্টাফ রিপোর্টার

আপডেট: ১৫ মে ২০২৫, ০৩:৩৫ পিএম

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৮

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে নগরীর খালিশপুরের বাস্তুহারা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে দুর্বার সংঘ ক্লাব এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক রায়হান নিজেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নগর যুগ্ম সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে বাস্তুহারা কলোনির বাসিন্দা বাপ্পির বাড়িতে যান। তারা বাপ্পিকে ‘পতিত সরকারের সহযোগী’ বলে অভিযুক্ত করে অর্থ দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে পুলিশের কাছে সোপর্দ করার হুমকি দেন তারা।

একপর্যায়ে বাগ্‌বিতণ্ডা শুরু হলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে এসে চাঁদাবাজদের ধাওয়া দিয়ে আটজনকে আটক করেন। পরে খবর পেয়ে খালিশপুর থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে রায়হানসহ আটজনকে গ্রেপ্তার করে। তবে কয়েকজন তখনও পালিয়ে যেতে সক্ষম হয়।

এক প্রত্যক্ষদর্শী, নাম প্রকাশ না করার শর্তে, জানান যে অভিযুক্তরা বাপ্পিকে রাজনৈতিক পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করেন। এর আগেও রায়হান একই এলাকায় উচ্ছেদ প্রতিরোধের নামে প্রায় চার লাখ টাকা তুলেছিলেন বলে অভিযোগ রয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাপ্পির স্ত্রী বাদী হয়ে বৃহস্পতিবার থানায় একটি মামলা করেছেন। এতে ৯ জনকে আসামি করা হয়েছে। আটজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!