ঢাকা   শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাকিস্থানের প্রধান মন্ত্রীর সাথে বৈঠকে মার্কিন প্রতিনিধি দল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৫:০২ পিএম

পাকিস্থানের প্রধান মন্ত্রীর সাথে বৈঠকে মার্কিন প্রতিনিধি দল

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি সংলাপ। এই গুরুত্বপূর্ণ বৈঠকের অংশ হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘গঠনমূলক আলোচনায় উভয় পক্ষের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে শেহবাজ শরিফ আশা প্রকাশ করেছেন, এই সংলাপ অঞ্চলটিতে টেকসই শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হয়ে উঠবে।’ খবর ডনের।

বৈঠকে পাকিস্তান তাদের মধ্যস্থতাকারীর ভূমিকা অব্যাহত রাখার আগ্রহ পুনর্ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রী বলেন, ‘অঞ্চলে দীর্ঘমেয়াদি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় উভয় পক্ষকে সহযোগিতা করতে প্রস্তুত পাকিস্তান।’ এর আগে শনিবার সকালে ভ্যান্স ইসলামাবাদে পৌঁছান। নুর খান এয়ারবেজে তাকে স্বাগত জানান উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন রেজা নাকভি এবং সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার পর ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যে সংঘাত ছড়িয়ে পড়ে, তা বিশ্ব অর্থনীতিতেও ব্যাপক প্রভাব ফেলে। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়, যার পরপরই এই আলোচনা শুরু হয়।

মার্কিন প্রতিনিধি দলে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ। এছাড়া জাতীয় নিরাপত্তা কাউন্সিল, স্টেট ডিপার্টমেন্ট ও প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারাও সফরসঙ্গী হয়েছেন।

অন্যদিকে, ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের সচিব আলি আকবর আহমাদিয়ান এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মতি।

১৯৭৯ সালের পর এই প্রথমবারের মতো ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উচ্চপর্যায়ের সরাসরি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে, যা আন্তর্জাতিক কূটনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

তবে শেষ মুহূর্তে আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল। লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ না হলে আলোচনায় অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় তেহরান। ইরান দুটি শর্ত সামনে আনে—লেবাননে যুদ্ধবিরতি এবং বিদেশে জব্দ থাকা প্রায় ৭ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্ত করা।

এক ইরানি কর্মকর্তা বলেন, ‘আমরা আলোচনায় লেবাননের বেইরুত ও দাহিয়াহ এলাকায় হামলা বন্ধকে লাল রেখা হিসেবে নির্ধারণ করেছি। যদি ইসরায়েল আবার তা লঙ্ঘন করে, তাহলে আলোচনা বন্ধ হয়ে যাবে।’ বিশ্লেষকদের মতে, এই সংলাপ সফল হলে মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাত নিরসনে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!