গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খাঁন বলেছেন, নুরুল হক নুরকে যাতে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, সেই প্লান নিয়ে, তার রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করার জন্য কাজ করছে। নিজেদের কর্মী ঢুকিয়ে গণঅধিকার পরিষদ ও এনসিপি দুটো দলের একটাকেও নিজেদের রাজনীতি করতে দেয়নি জাশি। দুইয়ের সম্ভাবনাকেই গলা টিপে হত্যা করেছে তারা।
শনিবার (১৮ এপ্রিল) এক ফেসবুক পোস্টে তিনি এ সব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে তরুণদের রাজনীতির একটা সম্ভাবনা তৈরি হয়েছিলো। নিজেদের রাজনীতি বাঁচিয়ে রাখতে সেটাকে জামায়াত-শিবির গলাটিপে হত্যা করেছে। জীবনের ঝুঁকি নিয়ে ৯ দফার ঘোষণা দিয়েও ডাকসুর ভিপি হতে পারেনি আব্দুল কাদের। এখানে তার দোষ কতোটুকু? ঝুঁকি নেওয়াটাই বড় দোষ ছিলো বুঝি? সে যাতে ডাকসুর ভিপি হতে না পারে, সেজন্য একযোগে কাজ করেছে জামায়াত-শিবির।
রাশেদ খাঁন আরও বলেন, গণঅভ্যুত্থানের পর জাশি প্রোপাগান্ডা, সহানুভূতি ও ওয়েলফেয়ার কার্ড খেলেছে। নতুনদের দল সাংগঠনিক দুর্বলতার কারণে তাদের সাথে পেরে দেয়নি। ঠিক এনসিপিও যাতে দল হিসেবে নিজস্ব শক্তিতে দাঁড়াতে পারে না, এজন্য শুরু থেকেই এনসিপিতে জামায়াত-শিবিরের কর্মী ঢুকিয়ে দেয়।
আমি আগেই বলেছি এনসিপির ৮০% নেতাকর্মী জাশি থেকে আসা। এরা কোনদিন জাশির মতামতের বাইরে বিকল্প কিছু করতে দিবে না। এভাবে একটি নতুন সম্ভাবনাকে হত্যা করেছে জাশি বলেও জানান তিনি।
আমি ঠিক একই কারণে গণঅধিকার পরিষদের মধ্যে ঘাপটি মেরে থাকা জাশির অত্যাচারের জন্যই দল ছেড়েছি। এরা জামায়াতের সাথে গণঅধিকার পরিষদকে নেওয়ার সমস্ত প্লান করেছিলো। আমি রাজি না হওয়ায়, আমাকে ব্যাপকভাবে মানসিকভাবে বিপর্যস্ত করে বলেও জানান তিনি।
এরা সেসময় নির্বাচনের আগে নুরুল হক নুরকে পর্যন্ত বহিষ্কার করার উদ্যোগ নিয়েছিলো। ভুয়া প্রেসরিলিজও দিয়েছিলো। এখন নুরুল হক নুরকে যাতে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, সেই প্লান নিয়ে, নুরুল হক নুরের রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করার জন্য কাজ করছে। নিজেদের কর্মী ঢুকিয়ে গণঅধিকার পরিষদ ও এনসিপি দুটো দলের একটাকেও নিজেদের রাজনীতি করতে দেয়নি জাশি, দুইয়ের সম্ভাবনাকেই গলা টিপে হত্যা করেছে তারা বলেও মন্তব্য করেন তিনি।






