কারণে-অকারণে সংসদ ওয়াকআউট না করতে বিরোধীদলকে আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এ আহ্বান জানান তিনি।
বরিশাল সার্কিট হাউজে স্পিকার বলেন, ‘সংসদ ওয়াকাআউট বিরোধীদলের অধিকার, একটি রাজনৈতিক চর্চা। কিন্তু দীর্ঘসময় সংসদ বয়কট করলে সংসদ ক্ষতিগ্রস্ত হবে, জানগণ অধিকার হারাবে।’
তিনি বলেন, ‘স্বৈরশাসনের বিরুদ্ধে যারা একত্রে আন্দোলন করেছেন তারা যেন নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখেন। নয়তো বিদেশে যারা পালিয়ে আছেন তারা ফিরে এসে দুঃশাসন কায়েম করবেন। আমাদের জাতীয় জীবনের সবচেয়ে অন্ধকার সময় ছিল বিগত ১৬ বছর।’
স্পিকার আরও বলেন, ‘নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ হয়েছে। সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না। গণতন্ত্র-মানবাধিকার তারা ঝেটিয়ে বিদায় করেছে। অবশেষে ছাত্রজনতার আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। আমরা আশা করবো আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না। কোনো দল গণতন্ত্রকে নির্বাসনে পাঠানোর চেষ্টা করবে না।’
সাধারণ মানুষের অধিকার যেন সবসময়ে প্রতিষ্ঠিত থাকে, গণতন্ত্র যেন বিরাজমান থাকে জানিয়ে তিনি বলেন, ‘মানুষ যেন তাদের পছন্দের সরকার বেছে নিতে পারেন, স্বৈরশাসন যেন ফিরে না আসে সেজন্য সব দল ঐকমত্য থাকবে।’






