ভোলায় গভীর রাতে ঘরে ঢুকে নাসিমা বেগম (৪০) নামে এক প্রবাসীর স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাটি দেখে ফেলায় তার ৮ বছরের ছেলে আবিরকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
রক্তাক্ত অবস্থায় সারা রাত মায়ের মরদেহের পাশে কাটায় শিশু আবির। ভোর হলে সে ঘর থেকে বের হয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়। পরে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দ্দার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম দুবাই প্রবাসী আল-আমীন মিয়ার স্ত্রী। তাদের একমাত্র সন্তান আবিরকে নিয়ে তিনি ওই ঘরে বসবাস করতেন।
স্থানীয়দের ভাষ্য, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ছেলে আবিরকে নিয়ে ঘুমিয়ে পড়েন নাসিমা বেগম। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় ছেলে আবির ঘটনাটি দেখে ফেললে তাকেও আঘাত করা হয়।
আহত আবির জানায়, দুর্বৃত্তরা তার মাকে কুপিয়ে হত্যার পর সে চিৎকার করলে তাকেও আঘাত করে। পরে ভয়ে দরজা বন্ধ করে রক্তাক্ত অবস্থায় সারা রাত একাই মায়ের পাশে বসে ছিল সে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. জিহাদ নামে এক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখানো হবে।
বার্তা বাজার/এমএমএইচ






