চট্টগ্রামের চকবাজার এলাকায় বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ (১৭) হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
রোববার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।
শনিবার (১৮ এপ্রিল) পৃথক অভিযানে খাগড়াছড়ি ও বাগেরহাট থেকে মোঃ রানা ওরফে মাইকেল রানা এবং মোঃ ইলিয়াস নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, নিহত সাজিদ কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা এবং বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি নগরের বাকলিয়া ডিসি রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত ১২ এপ্রিল বিকেলে বন্ধু ফারদিন হাসানের সঙ্গে দেখা করতে গিয়ে একদল দুর্বৃত্তের কবলে পড়েন তিনি। ঘাতকরা সাজিদকে ভয়ভীতি দেখিয়ে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখান থেকে তিনি পালানোর চেষ্টা করলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং একপর্যায়ে ভবনের অষ্টম তলার লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।
র্যাব-৭-এর সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে খাগড়াছড়ির মানিকছড়ি এলাকা থেকে মাইকেল রানাকে এবং একই রাতে বাগেরহাটের ফকিরহাট এলাকা থেকে ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তা বাজার/এমএমএইচ






