ঢাকা   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নারী ও মাদক ঘটনার অপপ্রচার, বিএনপিকে অভিযুক্ত করে জামায়াতের প্রতিবাদ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫০ এএম

নারী ও মাদক ঘটনার অপপ্রচার, বিএনপিকে অভিযুক্ত করে জামায়াতের প্রতিবাদ

কুমিল্লার চৌদ্দগ্রামে নারী ও মাদক সংক্রান্ত ঘটনাকে ঘিরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগ তুলে বিএনপির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান ও সেক্রেটারি বেলাল হোসাইন এক যৌথ বিবৃতিতে উপজেলা বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালানোর অভিযোগ এনে এর নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, গত ২ এপ্রিল রাতে উপজেলার মাসকরা গ্রামে নারী ও মাদক সংশ্লিষ্ট একটি ঘটনাকে কেন্দ্র করে সোনাপুর ও মাসকরা গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে ২ এপ্রিল ও ৪ এপ্রিল দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং নারী-পুরুষসহ অন্তত ১০ থেকে ১৫ জন আহত হন।

বিশেষ করে ৪ এপ্রিল বিকেলে ডলবা গ্রামের রুবেল ও রানার নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে সশস্ত্র লোকজন ও কিশোর গ্যাং এসে মাসকরা গ্রামে হামলা চালায় বলে দাবি করা হয় বিবৃতিতে। এসব ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের ভুক্তভোগীরা একাধিক মামলা দায়ের করেছেন এবং কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।

জামায়াতের নেতারা অভিযোগ করেন, ঘটনার কয়েকদিন পর উপজেলা বিএনপির সেক্রেটারি ইঞ্জিনিয়ার শাহ আলমের নেতৃত্বে একটি দল সোনাপুর গ্রামে ক্ষতিগ্রস্ত একটি বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা দেয় এবং ‘ধানের শীষে ভোট দেওয়ায় আগুন দেওয়া হয়েছে’—এমন দাবি তুলে একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, যা ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করা হয়।

তারা আরও বলেন, মঙ্গলবার (২৮ এপ্রিল) ক্ষতিগ্রস্ত বাড়ির পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার নামে একটি নোটিশ প্রচার করা হয়, যেখানে একই দাবি পুনরায় উল্লেখ করা হয়েছে।

জামায়াতের দাবি, প্রকৃত ঘটনা নারী ও মাদক সংশ্লিষ্ট হলেও বিএনপি রাজনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করছে, যা ‘জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা’।

বিবৃতিতে জামায়াতে ইসলামী আরও উল্লেখ করে, এ ধরনের ‘মিথ্যাচার ও অপপ্রচার’ প্রকৃত ঘটনা আড়াল করার পাশাপাশি সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সঠিক তথ্য তুলে ধরতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!