ময়মনসিংহের ভালুকা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাদিয়া (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার (১ মে) আহত শিক্ষার্থীর মা নুরুন্নাহার বেগম অভিযুক্ত চাচা-চাচীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া গ্রামের সাইদুল ইসলামের সঙ্গে তাঁর চাচাতো ভাই মজনু মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে প্রায়ই দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দিত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েকটি হাঁসের বাচ্চা সাইদুল ইসলামের বাড়ির উঠানে চলে যায়। এ সময় বাড়ির শিশুরা বাচ্চাগুলো ধরে খেলতে গিয়ে চারটি বাচ্চা মারা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় সাইদুল ইসলামের মেয়ে সাদিয়ার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। এতে তার বাঁ হাতে ছুরিকাঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহত শিক্ষার্থীর মা নুরুন্নাহার বেগম বলেন, ‘আমার মেয়েকে বিনা কারণে হত্যার চেষ্টা করা হয়েছে। আগামী রোববার তার গণিত পরীক্ষা। এখন সে পরীক্ষায় অংশ নিতে পারবে কি না, তা নিয়ে শঙ্কায় আছি।’
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মজনু মিয়া। তিনি বলেন, তাঁদের পক্ষ থেকে কেউ সাদিয়ার ওপর হামলা করেনি। সাদিয়ার ছোট ভাই ছুরি নিয়ে হামলা করতে গেলে সেই ছুরির আঘাতেই সাদিয়া আহত হয়। এ ঘটনায় তাঁদের পক্ষের তিনজন আহত হয়েছেন। শরিফ মিয়া (১৮) নামে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার/এস এইচ






