রোগী বহনের ছদ্মবেশে অ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচারের সময় বিশাল একটি চালান জব্দ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা। অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও।
গ্রেফতারকৃতরা হলেন— শহিদুল ইসলাম খান সাগর (২৭) ও মো. আফসার (৩৩)। বুধবার (০৬মে) বিষয়টি জানান কোতোয়ালী থানার এসআই কাজী মনিরুল করিম চৌধুরী।
তিনি বলেন, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশ জানতে পারে যে কক্সবাজার থেকে একটি অ্যাম্বুলেন্স যোগে বিশাল ইয়াবার চালান ঢাকার দিকে যাচ্ছে। তথ্যের ভিত্তিতে মেরিনার্স রোডের পুরাতন ফিশারিঘাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ।
অভিযান চলাকালে একটি সাদা রঙের অ্যাম্বুলেন্সকে (ঢাকা মেট্রো-ছ-৭১-১২৬৫) থামার সংকেত দিলে চালক কৌশলে ইউ-টার্ন নিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাৎক্ষণিক ধাওয়া করে পাথরঘাটা ব্রিকফিল্ড রোড এলাকার কালভার্টের ওপর গাড়িটি আটক করে। এসময় দৌড়ে পালানোর চেষ্টা করলে দুই কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী থানায় একটি মামলা (মামলা নং-০৯, তারিখ: ০৫/০৫/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
বার্তা বাজার/এস এইচ






