নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যাকাণ্ডে জড়িত আলোচিত আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে আনা হয়েছে।
বুধবার (৬ মে) তাকে দেশে এনে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আরিফ সরকার নরসিংদীর শিবপুর থানার পুটিয়া কামারগাঁও এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (৭ মে) পিবিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৬টা ১৩ মিনিটে শিবপুর উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে তার নিজ বাসায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর জখম করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ৩১ মে তিনি মৃত্যুবরণ করেন।
এই ঘটনায় ভিকটিমের ছেলে আমানুর রশিদ খান বাদী হয়ে আরিফ সরকারসহ কয়েকজনকে আসামি করে ২৭ ফেব্রুয়ারি শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। প্রথমে থানা পুলিশ তদন্ত করলেও পরে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে ২০২৩ সালের ২৩ জুন তদন্তের দায়িত্ব পায় পিবিআই নরসিংদী জেলা।
পিবিআই জানায়, তদন্ত চলাকালীন এই মামলার অন্যতম আসামি মহসীনকে ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার করা হয়। মহসীন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনায় আরিফ সরকারের জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন।
আরিফ সরকার দুবাইতে অবস্থান করছেন নিশ্চিত হওয়ার পরে পিবিআই নরসিংদী জেলা তাকে দেশে ফিরিয়ে আনতে পুলিশ হেডকোয়ার্টার্সের এনসিবি শাখার মাধ্যমে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করে। দীর্ঘ প্রক্রিয়া শেষে এবং তদন্ত সাপেক্ষে গত ২০২৫ সালের ২৪ নভেম্বর আরিফসহ অন্য আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পিবিআই।
পরবর্তী সময়ে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ আরিফ সরকারকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশকে অবহিত করে। এরপর পিবিআই এবং পুলিশ হেডকোয়ার্টার্সের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম গত ৬ মে তাকে দুবাই থেকে বাংলাদেশে নিয়ে আসে।
আরিফ সরকারের বিরুদ্ধে শিবপুর থানায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে শিবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং ওই দিনই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বার্তা বাজার/এমএমএইচ






