ঢাকা   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মার্কিন বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি সৌদি-কুয়েত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৯:৪৫ পিএম

মার্কিন বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি সৌদি-কুয়েত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সুরক্ষায় যুক্তরাষ্ট্রের পরিকল্পিত নৌ-অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ বড় ধাক্কায় পড়ে, যখন সৌদি আরব ও কুয়েত নিজেদের আকাশসীমা এবং সামরিক স্থাপনা ব্যবহারে অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত এই উদ্যোগ সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হন।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব রিয়াদের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি ব্যবহারের পাশাপাশি নিজেদের আকাশপথে মার্কিন সামরিক বিমান চলাচলের অনুমতিও দেয়নি।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, গত রোববার ট্রাম্প আকস্মিকভাবে ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা করলে সৌদি আরবসহ উপসাগরীয় মিত্ররা অপ্রস্তুত অবস্থায় পড়ে। বিষয়টি নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপ করেও ট্রাম্প কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি।

সৌদি সরকারের এক কর্মকর্তা এনবিসি নিউজকে বলেন, পরিস্থিতি অত্যন্ত দ্রুত বদলে যাওয়ায় সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছিল। তবে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনে পাকিস্তানের কূটনৈতিক মধ্যস্থতার উদ্যোগকে রিয়াদ ইতিবাচকভাবে দেখছে।

হোয়াইট হাউস দাবি করেছে, অভিযানের বিষয়ে আঞ্চলিক অংশীদারদের আগেই জানানো হয়েছিল। যদিও মধ্যপ্রাচ্যের এক কূটনীতিকের বক্তব্য অনুযায়ী, ট্রাম্পের প্রকাশ্য ঘোষণার পর যুক্তরাষ্ট্র মূলত শুধু ওমানের সঙ্গেই যোগাযোগ করে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র আগে ঘোষণা দিয়েছে, পরে সমন্বয়ের চেষ্টা করেছে যদিও এতে তারা প্রকাশ্যে অসন্তোষ দেখায়নি।

প্রতিবেদন আরও জানায়, ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হঠাৎ ঘোষণায় সৌদি নেতৃত্ব বিরক্ত ও হতাশ হয়। এরপরই রিয়াদ ওয়াশিংটনকে স্পষ্ট জানিয়ে দেয়, তারা এই অভিযানে অংশ নেবে না।

এদিকে, মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে সৌদি আরবের পাশাপাশি কুয়েতও তাদের ভূখণ্ডে অবস্থিত মার্কিন ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের পথ বন্ধ করে দিয়েছে।

অভিযান স্থগিতের মাত্র একদিন পর ইরানও নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরে। বৃহস্পতিবার দেশটির বন্দর ও সামুদ্রিক সংস্থা ঘোষণা করে, হরমুজ প্রণালি ও আশপাশের জলপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত।

তেহরান আরও জানিয়েছে, ইরানি জলসীমার কাছাকাছি থাকা জাহাজগুলো প্রয়োজনে জ্বালানি, খাদ্য ও চিকিৎসা সহায়তা নিতে পারবে।

সূত্র: মিডল ইস্ট আই

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!