ঢাকা   শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জুমার পর নাসীরুদ্দিন পাটোয়ারীকে ঘিরে বিশৃঙ্খলা, মসজিদের গ্লাস ভেঙে আহত ৫ মুসল্লি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:৫৯ পিএম

জুমার পর নাসীরুদ্দিন পাটোয়ারীকে ঘিরে বিশৃঙ্খলা, মসজিদের গ্লাস ভেঙে আহত ৫ মুসল্লি

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কবরস্থান সিটি মসজিদে জুমার নামাজ চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীকে ঘিরে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এ সময় মসজিদের ভেতরে ধাক্কাধাক্কি ও হট্টগোলের সৃষ্টি হলে দরজার গ্লাস ভেঙে টুকরা টুকরা হয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় মুসল্লিরা। শুক্রবার (৮ মে) জুমার নামাজের সময় এই ঘটনা ঘটে।

স্থানীয় মুসল্লিরা জানান, মসজিদটি সব সময় শান্তিপূর্ণ পরিবেশে পরিচালিত হয় এবং খতিবের বয়ান শুনতে নিয়মিত মুসল্লিরা সেখানে নামাজ আদায় করেন। তবে নাসির উদ্দিন পাটোয়ারীর উপস্থিতিকে কেন্দ্র করে কিছু লোক মসজিদের ভেতরে স্লোগান দিতে শুরু করলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে মুসল্লিদের ইবাদতে বিঘ্ন ঘটে এবং ধাক্কাধাক্কিতে কাঁচের গ্লাস দিয়ে হাত-পা কেটে বেশ কয়েকজন আহত হয়েছেন।

একাধিক মুসল্লি অভিযোগ করে বলেন, মসজিদের ভেতরে হইচই, ধাক্কাধাক্কি ও স্লোগানের কারণে স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে যায়। একপর্যায়ে দরজার গ্লাস ভেঙে পাঁচজন মুসল্লি আহত হয়েছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার বলেন, মসজিদে তেমন কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। নাসির উদ্দিন পাটোয়ারী আমার দাওয়াতে একটি কাজে নারায়ণগঞ্জে এসেছেন। মসজিদে নামাজ পড়তে গেলে সেখানে কিছু উৎসুক জনতার ধাক্কাধাক্কিতে মসজিদের একটি গ্লাস ভেঙে যায়, এটা তো কোনো বিশৃঙ্খলা হতে পারে না। তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তি, তাকে দেখার জন্য মানুষ অতি আগ্রহে ছিল বলেই এই ঘটনাটি ঘটেছে।

তিনি আরও বলেন, পরে তারা মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং ইমাম সাহেবদের সঙ্গে কথা বলেছেন। এর ক্ষতিপূরণ যা হয় তা তাদের পক্ষ থেকে দিয়ে দেয়া হবে এবং ইতিমধ্যে তাদের লোকজন সেখানে গেছেন।

যুবাইর সরদার অভিযোগ করে বলেন, আমি মনে করি সেখানে আওয়ামী লীগের কিছু দুষ্কৃতকারী মসজিদের ভেতর ছিল। তারা এখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। আমি মনে করি এগুলো আওয়ামী লীগের সাজানো চাল। কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ এই ঘটনাটাকে অন্যভাবে নেয়ার চেষ্টা করছে, এখানে কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না। মসজিদ সবার জন্য উন্মুক্ত, এখানে সবাই নামাজ পড়তে আসবে। মসজিদ নিয়ে বিশৃঙ্খলা করার কোনো কারণ নেই।

এর আগে জুমার নামাজের খুতবার পূর্বে বক্তব্য দেন নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, আমরা সবাইকে মসজিদে আসতে বলি, কারণ আমরা চাই সবাই মসজিদমুখী হোক। মসজিদভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠুক। মুসলমানরা যদি সজাগ না থাকে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে যেসব হুমকি ও ষড়যন্ত্র আসছে, তা মোকাবিলা করা সম্ভব হবে না।

নাসির উদ্দিন পাটোয়ারী আরও বলেন, সাম্প্রতিক কালে ভারতে বিজেপি জয়ী হয়েছে পশ্চিমবঙ্গে। এটা একটা গেরুয়া পতাকা। এই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে। মুসলমানরা যদি সজাগ না থাকে, যদি ঈমানী বক্তা না থাকে তাহলে কিন্তু এই পতাকা আমরা ঠেকাটাইতে পারব না। গত ১৫ বছরে অনেক আলেমের ওপরে নির্যাতন হয়েছে। অনেক মানুষ অনেক কষ্টে ছিল। আমরা সবাই যদি একটি কাঠামো তৈরি করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ নতুনভাবে পরিবর্তন হবে।

সমাজ পরিবর্তনে মসজিদভিত্তিক সামাজিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মসজিদের সঙ্গে স্কুল, হাসপাতাল ও সমাজকল্যাণমূলক কার্যক্রম যুক্ত করা গেলে অসহায় মানুষ সহজে শিক্ষা, চিকিৎসা ও সহযোগিতা পাবে। বিশেষ করে এতিম, অসহায় নারী ও দরিদ্র পরিবারের পাশে মসজিদ কমিটিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!