ঢাকা   শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বরগুনার আকাশে রহস্যময় আলোর ঝলক, সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১০:৩৬ পিএম

বরগুনার আকাশে রহস্যময় আলোর ঝলক, সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা

বরগুনার আকাশে হঠাৎ দেখা মিলেছে রহস্যময় এক আলোর ঝলকের। শুক্রবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে আকাশে এ অদ্ভুত আলোকচ্ছটা দেখতে পান স্থানীয়রা। এ ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বিভিন্ন ছবি ও ভিডিও। অনেকে এটিকে মিসাইল সদৃশ কিছু বলে মন্তব্য করছেন। আবার কেউ কেউ ধারণা করছেন এটি রকেট কিংবা অন্য কোনো মহাকাশীয় বস্তুর আলো হতে পারে। তবে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত তথ্য না পাওয়ায় অধিকাংশ মানুষই বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করছেন।

আরিফ খান নামে এক ব্যক্তি ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, “কিছুক্ষণ আগে বরগুনা শহরের ভুতমারা গ্রাম থেকে এই ছবিগুলো তুলেছি। কেউ কি বলতে পারেন এটা কিসের ছবি? গুগল ঘেঁটে যা বুঝলাম, এটা মিসাইল সদৃশ।”

গোলাম কিবরিয়া নামে আরেকজন লিখেছেন, “ধূমকেতু যা বিজ্ঞানের গবেষণা অনুযায়ী প্রতি ৬৪ বছরে একবার দেখা যায়, আকাশে আজ তারই দেখা মিলল।”

এদিকে মো. জিদান নামে একজন তার ফেসবুক পোস্টে লিখেছেন, “মাগরিবের নামাজের পর বাসার সামনে দাঁড়িয়ে হঠাৎ চোখে পড়ল মিসাইলের মতো লম্বা কিছু একটা। পেছনে টর্চের আলোর মতো আলো ছিল। দক্ষিণ আকাশে পূর্ব দিক থেকে যেতে যেতে ধীরে ধীরে মেঘের মধ্যে আড়াল হয়ে যায়। পরে ছাদে গিয়ে আবারও দেখতে পাই। জিনিসটা কী ছিল জানি না, তবে এমন দৃশ্য আগে মিসাইল হামলার ভিডিওতে দেখেছি।”

তবে রহস্যময় এ আলোর উৎস সম্পর্কে এখন পর্যন্ত কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি নানা জল্পনা-কল্পনাও বাড়ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!