ঢাকা   শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হাসনাতের প্রথম মাসের বেতন বেদে সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীদের জন্য দান করেছেন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১২:০৩ এএম

হাসনাতের প্রথম মাসের বেতন বেদে সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীদের জন্য দান করেছেন

সমাজের পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ। সংসদ সদস্য হিসেবে পাওয়া প্রথম মাসের বেতনের সিংহভাগ তিনি বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য দান করেছেন।

শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

জানা গেছে, সমাজের মূলধারা থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকা বেদে জনগোষ্ঠীকে এগিয়ে নিতে তিনি ‘Let’s Meet Gypsy Genius’ নামে একটি বিশেষ কর্মসূচি চালু করেছেন। এই কর্মসূচির আওতায় তার প্রথম মাসের বেতন থেকে বেদে সম্প্রদায়ের ৩৪ জন শিক্ষার্থীকে নগদ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

এছাড়া উচ্চমাধ্যমিক পাসের পর উচ্চশিক্ষায় আগ্রহী বেদে শিক্ষার্থীদের প্রতি মাসে আড়াই হাজার টাকা করে বিশেষ শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

বেদে সম্প্রদায়ের সভাপতি আলাউদ্দিন ওঝা বলেন,“সংসদ সদস্যের এমন ব্যক্তিগত উদ্যোগ ও আন্তরিকতা পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সহায়তার মাধ্যমে আমাদের সন্তানরা যাযাবর জীবনের গণ্ডি পেরিয়ে শিক্ষার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে।”

এ প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন,“বেদে সম্প্রদায় আমাদের সমাজেরই অংশ। কিন্তু দীর্ঘদিন ধরে তারা অবহেলিত এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তাদের সন্তানদের মাঝে থাকা মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতেই এই ক্ষুদ্র প্রয়াস।”

তিনি আরও বলেন, “অর্থের অভাব যেন কোনো শিশুর শিক্ষাজীবনের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেটি নিশ্চিত করাই আমার লক্ষ্য। একজন জনপ্রতিনিধি হিসেবে নিজের প্রথম মাসের বেতনের অংশ তাদের কল্যাণে ব্যয় করতে পেরে আমি আনন্দিত।”

স্থানীয় সচেতন মহল মনে করছেন, জনপ্রতিনিধির এমন উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে এবং অন্যদেরও সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!