কোন জালিম শাসককে বাংলাদেশের বুকে আর চেপে বসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।
শনিবার (৯ মে) বিকেলে রাজবাড়ী শহরের আজাদী ময়দানের পৌর অফিসে দৌলতদিয়ায় বাস দূর্ঘটনা ও বিভিন্ন দূর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেন, আমরা মনে করি ও বিশ্বাস করি এই বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা চাই না আর কোনদিন বাংলাদেশ বিপদগ্রস্ত হোক। আর কোন জালিম শাসক বাংলাদেশে মানুষের বুকে চেপে বসতে দিব না। এই দেশের স্বাধীন ও সার্বভৌমত্ব যাতে মর্যাদার সাথে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে আমরা সেভাবে কাজ করবো।
জামায়াত নেতারা বলেন, এই দুর্দিনে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে অসহায় ও দুর্গত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য এ্যাড. মো. নূরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আলিমুজ্জামানের সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সৌদি আরব শাখার আমির আজাদ সোবহানী, জেলার নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, সদর উপজেলা আমির হেলাল উদ্দিন, পাংশা পৌর আমির কাজী ফরহাদ জামিল রুপু, পাংশা উপজেলা আমির মাওলানা সুলতান মাহমুদ, কালুখালী আমির মাওলানা আব্দুর রব, ট্রেন দূর্ঘটনায় নিহত আবু তালহার মা মাহমুদা ফেরদৌসী, দৌলতদিয়ায় বাস দূর্ঘটনায় নিহতের পরিবারের সদস্য লাবনী আক্তার, সড়ক দূর্ঘটনায় আহত লালন প্রমূখ।
জানা গেছে, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বাস দূর্ঘটনায় নিহত ৯ জনের পরিবার এবং ট্রেন, বাস দূর্ঘটনা ও আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ৬জনসহ মোট ১৫ জনের হাতে আর্থিক সহায়তা ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।






