স্বামীর সাথে দাম্পত্য কলহের জেরে আদালতে মামলা করে বিচার না পেয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নির্যাতিতা গৃহবধু। জানা যায়, রবিবার (১০ মে) ফেনীর আ’দালত প্রাঙ্গণে মোহনা নামের এক গৃহবধু এমন কান্ড করে বসেন। মামলা সূত্রে জানা গেছে, মোহনাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিলেও বাড়িতে নিতে রাজি নন স্বামী।
এর পরিবর্তে ভাড়া বাসায় রাখার প্রস্তাব দেন। তবে এতে রাজি ছিলেন না মোহনা। তিনি স্বামীর কাছ থেকে পূর্ণ স্বীকৃতি অথবা কাবিনের সম্পূর্ণ টাকা দাবি করেন। কিন্তু স্বামী এসব বিষয়ে কোনো গুরুত্ব দিচ্ছিলেন না বলে অভিযোগ উঠে।
এদিকে, স্বামী একাধিক বিয়ে করায় মোহনা মানসিকভাবে ভেঙ্গে পড়েন বলেও জানিয়েছেন তার স্বজনরা। দীর্ঘদিনের দাম্পত্য কলহ, অবহেলা ও মানসিক যন্ত্রণার কারণে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে জানা যায়।
মোহনার এক আত্মীয় জানান, স্বামীর এমন আচরণ ও অবহেলায় ক্ষুব্ধ হয়ে আদালতে বিচার চাইতে এসে বিচারকের সামনে বিষপান করেন তিনি।পরে আদালতে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি আদালতপাড়াসহ পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।






