ঢাকা   শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাঙ্গামাটিতে গাড়ির কিউআর কোড স্ক্যান করলেই মিলবে চালকের সব তথ্য

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:০৯ পিএম

রাঙ্গামাটিতে গাড়ির কিউআর কোড স্ক্যান করলেই মিলবে চালকের সব তথ্য

রাঙ্গামাটি পার্বত্য জেলায় সড়ক নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ। জেলার সড়ক ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করতে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ‘অনলাইন বাস টার্মিনাল (ওবিটি)’ এবং সিএনজিচালিত অটোরিকশাচালকদের ডিজিটাল ডাটাবেজ কার্যক্রম।

শনিবার (১৬ মে) বিকেলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

রাঙ্গামাটি জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এই ডিজিটাল উদ্যোগের আওতায় শহরের সব সিএনজিচালিত অটোরিকশা ও চালকদের একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজের আওতায় আনা হয়েছে। ইতিমধ্যে জেলায় নিবন্ধিত ১ হাজার ৪১৬টি সিএনজি অটোরিকশা এবং সহস্রাধিক চালকের বিস্তারিত তথ্য সংগ্রহ ও নিবন্ধন সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে নিবন্ধিত যানবাহনে কিউআর কোড সংবলিত ডিজিটাল স্টিকার সংযুক্ত করা হবে।

পুলিশ জানায়, সিএনজিতে থাকা কিউআর কোড স্ক্যান করে একজন যাত্রী বা পর্যটক চালকের ছবি, নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় সব তথ্য তাৎক্ষণিকভাবে জানতে পারবেন। পাশাপাশি তারা পরিবহন সেবার মান সম্পর্কে রেটিং (মান যাচাই) প্রদান করতে পারবেন এবং যানবাহনের গতি, চালকের আচরণ বা সেবার মান নিয়ে মতামত জানাতে পারবেন। যাত্রীদের প্রদত্ত রেটিংয়ের ভিত্তিতে চালকদের সামগ্রিক মূল্যায়ন নির্ধারিত হবে। একই সঙ্গে যাত্রীদের মতামত বিশ্লেষণের মাধ্যমে দক্ষ ও ঝুঁকিপূর্ণ চালকদের চিহ্নিত করা সম্ভব হবে।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, রাঙ্গামাটিকে একটি আধুনিক ও স্মার্ট পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে এই ডিজিটাল উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। কিউআর কোড এবং অনলাইন বাস টার্মিনাল চালুর ফলে শুধু ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে না, বরং এখানে আসা দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও আস্থা বহুগুণ বৃদ্ধি পাবে। শুধু সড়কেই নয়, শৃঙ্খলা আনতে হবে কাপ্তাই হ্রদেও। কেউ যাতে হ্রদ দখল ও দূষণ করতে না পারে তার জন্য সবাইকে কাজ করতে হবে।

অন্যদিকে ‘অনলাইন বাস টার্মিনাল (ওবিটি)’ ব্যবস্থার মাধ্যমে ট্যুরিস্ট ও যাত্রীবাহী বাসের তথ্য ব্যবস্থাপনা, যাত্রীসেবা উন্নয়ন এবং ডিজিটাল পার্কিং ব্যবস্থাপনার মাধ্যমে শহরের যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখা হবে। এখন থেকে পর্যটন মৌসুমসহ সারা বছর রাঙ্গামাটিতে আগত ট্যুরিস্ট বাসগুলো শহরে প্রবেশের পূর্বেই ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করবে। পাশাপাশি আগত পর্যটক ও বাস কর্তৃপক্ষকে মোবাইল বার্তার (এসএমএস) মাধ্যমে নির্ধারিত পার্কিং সংক্রান্ত তথ্য ও নির্দেশনা প্রদান করা হবে।

রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘পার্বত্য জেলা রাঙ্গামাটি দেশের অন্যতম শীর্ষ পর্যটন কেন্দ্র হওয়ায় এখানে প্রতিদিন হাজার হাজার স্থানীয় যাত্রী ও দেশি-বিদেশি পর্যটকের সমাগম ঘটে। এতদিন সমন্বিত ডিজিটাল ব্যবস্থা না থাকায় যানবাহন ও চালকদের ওপর নজরদারি এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা বেশ চ্যালেঞ্জিং ছিল। এই সংকট দূর করতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। এই ডিজিটাল উদ্যোগের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনায় জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং যাত্রী হয়রানি কমবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধন শেষে মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারে উৎসাহিত করতে রাঙ্গামাটি জেলা পুলিশ ট্রাফিক বিভাগের উদ্যোগে ‘নো হেলমেট, নো রাইড’ সংবলিত স্টিকার ও হেলমেট বিতরণ করা হয়।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!