ঢাকা   রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে গঙ্গাচুক্তির ওপর : মির্জা ফখরুল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:১৭ পিএম

ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে গঙ্গাচুক্তির ওপর : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের কথা খুব পরিষ্কার, ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়ার সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের সঙ্গে গঙ্গা বা ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর। সেই আহ্বান আমরা তাদের কাছে জানাই।

শনিবার (১৬ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘মওলানা ভাসানী ফারাক্কা মিছিলের মধ্য দিয়ে মানুষকে সংগঠিত করেছিলেন। যার ফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পক্ষে একটি চুক্তি করা সম্ভব হয়েছিল।

এখন আবার সেই চুক্তি শেষ হচ্ছে। ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে এই চুক্তির মেয়াদ শেষ হবে। ভারতের সরকারকে স্পষ্ট করে জানাতে চাই, আলাপ-আলোচনার মাধ্যমে অবিলম্বে বাংলাদেশের মানুষের অভিপ্রায় ও চাওয়া অনুযায়ী ফারাক্কা চুক্তি সম্পাদন করতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনই কোনো চুক্তি কাউকে করতে দেব না। এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। বাংলাদেশের স্বার্থ সর্বাগ্রে।’

সরকারকে অস্থিতিশীল করতে চক্রান্ত হচ্ছে দাবি করে মন্ত্রী বলেন, ‘আমরা একটি কথা পরিষ্কার করে বলতে চাই, তারেক রহমানের সরকার জনগণের সরকার, বৈধ উপায়ে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। সরকারের বিরুদ্ধে কিছু শক্তি অপপ্রচার চালাচ্ছে। শুধু তা-ই নয়, তারা দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার একটা পাঁয়তারা চালাচ্ছে।

আমরা যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, তাদের অনেক বেশি সজাগ হতে হবে। শুধু সজাগ নয়, সংগঠিত হতে হবে। যাতে কোনো রকম চক্রান্ত, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যে সরকার কাজ করছে, তাকে অস্থিতিশীল করতে না পারে।’
তিনি উল্লেখ করেন, ‘গতকাল আমরা দেখলাম কয়েকজন নেতা বিভিন্নভাবে এই সরকারের বিরুদ্ধে কথা বলছেন এবং অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছেন। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের জনগণ যারা বুকের রক্ত দিয়ে গণতন্ত্র অর্জন করেছে, তারা কখনোই এখানে কোনো ষড়যন্ত্র-চক্রান্ত মাথা তুলে দাঁড়াতে দেবে না।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্তকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘অন্যান্য যেসব দেশ আছে, তাদের ভ্রুকুটি উপেক্ষা করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।’

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য নূরুল ইসলাম। অনুষ্ঠানে আরো ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান, চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন ইসলাম খানসহ অনেকেই।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!