সিইসি আজ যে বার্তা দিলেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে
এমটিনিউজ২৪ ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচন এখন বড় চ্যালেঞ্জ উল্লেখ করে রক্তপাতহীন নির্বাচন করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সহায়তা এ চান তিনি।
সিইসি বলেন, ‘অতীতে স্থানীয় সরকার নির্বাচনে অনেক সংঘাত ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এটি থামানো বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনই এখন নির্বাচন কমিশনের (ইসি) প্রধান লক্ষ্য। এ জন্য রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা চাই।’
অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সব সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান নাসির উদ্দিন।
স্থানীয় সরকার নির্বাচন ইসির জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ১৩টি সিটি করপোরেশন এবং প্রায় ৩৩০টি পৌরসভার নির্বাচন আয়োজন করতে হবে। এসব নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কমিশন সর্বাত্মক চেষ্টা চালানো হবে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের চলমান কর্মশালার প্রসঙ্গ টেনে এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘কোথায় কোথায় উন্নতির সুযোগ রয়েচে, তা চিহ্নিত করা হয়েছে। কারণ, একটি কমিশন দুটি জাতীয় নির্বাচন করতে পারে না। তারা একটা নির্বাচন করে বিদায় হয়ে যায়। নতুন কমিশন এসে নতুন করে শুরু করে। তাই তাদের জন্য নির্বাচনের অভিজ্ঞতা রেখে দিতে চায় বর্তমান কমিশন।’
এর আগে জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে পর্যবেক্ষণের প্রতিবেদনে নির্বাচন কমিশনের কাছে সাতটি সুপারিশ জানায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস অ্যান্ড মিশন এনফ্রেল নামে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা।
প্রতিবেদনে বলা হয়েচে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সার্বিকভাবে সচ্ছতা ও গ্রহণযোগ্যতা থাকলেও অর্থের প্রভাব, নারী প্রতিনিধিত্বের অভাব ছিল।
এছাড়া, তথ্য প্রবাহের পরিবেশ অত্যন্ত সক্রিয় থাকলেও ভয়ভীতি প্রদর্শন ও বৈধতা প্রশ্নবিদ্ধ সংক্রান্ত অগনতান্ত্রিক বিষয়বস্তুর উপস্থিতিও ছিল।






