ফিফা বিশ্বকাপ ২৬ এর হাই ভোল্টেজ সেমি ফাইনাল ম্যাচে আজ রাত ১ টায় যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামেছে আর্জেন্টিনা ফুটবল টিম। ম্যাচ ঘিরে উৎসবমুখর পরিবেশে সড়কে ও শপিং মলের ডিজিটাল বিল বোর্ডে বড় পর্দায় খেলা উপভোগ করছে চট্টগ্রাম নগরীর লক্ষাধিক নারী-পুরুষ ফুটবল প্রেমী।
নগরীর দুই নাম্বার গেইট, প্রবর্তক মোড়, জামাল খান, চকবাজার, টাইগারপাস, আগ্রাবাদসহ বিভিন্ন মহল্লার ভেতরে বড় পর্দায় খেলা প্রদর্শন করা হচ্ছে।
জার্সি গায়ে দিয়ে দল বেঁধে খেলা দেখতে এসেছেন সমর্থকরা। কেউ কেউ গালে ও হাতে আর্জেন্টিনা দলের পতাকা একেছেন। কেউ উড়াচ্ছে পতাকা আবার কেউ বাজাচ্ছে ভুভুজেলা। সব মিলিয়ে সৃষ্টি হয়ে অনেকটা একখন্ড স্টেডিয়ামের আবহ।
আর্জেন্টিনা পুরুষ সমর্থকদের পাশাপাশি সড়কে দাঁড়িয়ে খেলা উপভোগ করছে নারীরাও। তাদের সাথে খেলা উপভোগ করতে যোগ দিয়েছে ব্রাজিল সমর্থকরাও। সকলের প্রত্যাশা আজকের ম্যাচে আর্জেন্টিনা জিতবে।
খেলা দেখতে আসা প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী সামিয়া জানান, ঘরে খেলা দেখার চেয়ে বড় পর্দায় একসাথে বান্ধবীদের সাথে খেলা দেখার মজাই আলাদা। রাত ৮টায় সবাই বের হয়ে রেস্টুরেন্টে খেয়েছি। এখন খেলা দেখছি। এটা মনে রাখার মতো অনুভূতি।
ছোট দুই ছেলে মেয়েদের নিয়ে খেলা দেখতে এসেছেন আজমল, তিনি বলেন-আজকে দেখা দেখতে এসে এতো আর্জেন্টিনা সমর্থক দেখে মনে ঈদ ঈদ লাগছে।
দেখা দেখতে আসা একদল ব্রাজিল সমর্থক জানান, আমরা ব্রাজিল সমর্থক কিন্তু আমাদের প্রত্যাশা আজকে আর্জন্টিনা জিতুক। কারন আর্জেন্টিনার সমর্থকেরা ব্রাজিলকে দেখলেই সেভেন আপ বলে। আমরা চাই ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হলে বিশ্ববাসী দুই দলের সেরা সক্ষমতা উপভোগ করতে পারবে।
তবে, সড়কের উপর দাঁড়িয়ে বিলবোর্ডে খেলা দেখার কারনে সড়ক ব্লক হয়ে পড়েছে। কিছু কিছু গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, ফলে চরম যানজটের সৃষ্টি হয়েছে। বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ।
খেলা দেখার প্রত্যেকটি স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশের উপিস্থিতি দেখা গেছে। রিপোর্ট লিখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।






