ঢাকা   শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুদ্ধবিরতি নিয়ে সংশয়, বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০২:১৯ পিএম

যুদ্ধবিরতি নিয়ে সংশয়, বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নিয়ে নতুন করে সন্দেহ তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। চলমান যুদ্ধবিরতি নিয়ে সংশয়ের কারণে বিনিয়োগকারীদের উদ্বেগও বেড়ে গেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় বড় ধরনের কোনও অগ্রগতি হবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সংশয় বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে।

তেহরানের ইউরেনিয়াম মজুত এবং হরমুজ প্রণালির অবরোধ নিয়ে দুই দেশের মধ্যে এখনও অচলাবস্থা চলছে। এমন অবস্থায় শুক্রবার (২২ মে) ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৩ শতাংশ বা ২ দশমিক ৩৮ ডলার বেড়ে ১০৪ দশমিক ৯৬ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৮ শতাংশ বা ১ দশমিক ৭৩ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ০৮ ডলারে পৌঁছেছে। এর আগের দিন বৃহস্পতিবার (২১ মে) দুই ধরনের তেলের দামই প্রায় ২ শতাংশ কমেছিল। আর সেটি ছিল প্রায় দুই সপ্তাহের মধ্যে তেলের দামের সর্বনিম্ন অবস্থান।

প্রসঙ্গত, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা বর্তমানে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কয়েক মাস ধরে চলা সংঘাত, পাল্টাপাল্টি হামলা এবং নিষেধাজ্ঞার কারণে পুরো অঞ্চলজুড়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং যুদ্ধবিরতির শর্ত নিয়ে দুই দেশের মতবিরোধ এখনও কাটেনি। ফলে এই আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক উত্তেজনা কমতে পারে, একইসঙ্গে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হতে পারে এবং বিশ্ববাজারে তেলের দামের চাপও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। পারস্য উপসাগর থেকে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হওয়া বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস এই প্রণালি দিয়েই পরিবহন করা হয়। বিশ্বে প্রতিদিন সরবরাহ হওয়া মোট তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল।

তাই এই পথ বন্ধ বা অচল হয়ে পড়লে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায় এবং বৈশ্বিক অর্থনীতিতে চাপ তৈরি হয়। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!