ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে তিতাস নদীতীরবর্তী জায়গা ভরাটের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ জুলাই) বিকাল ৪টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশিনগর এলাকায় তিতাস নদীর পূর্বপাড়ে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) নাসরিন জানান। জরিমানাপ্রাপ্ত আজিজুর রহমান লিটন এনসিপি জেলা কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক। একইসঙ্গে ভরাটের কাজে ব্যবহৃত প্রায় তিন হাজার ফুট পাইপ ধ্বংস ও দুটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে সদর উপজেলার শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্বপাড়ের ঘাটুরা মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সুহিলপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে নদীতীরবর্তী জমি ভরাট করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় একটি মামলায় আজিজুর রহমান লিটনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত আজিজুর রহমান লিটন উপস্থিত না থাকায় তার পক্ষে প্রতিনিধি মো. জাফর ইমাম আদালতে উপস্থিত ছিলেন। তার কাছ থে জরিমানার অর্থ আদায় করা হয়।
স্থানীয় লোকজন জানিয়েছেন, তিতাস নদীর তীরঘেঁষা প্রায় ১০ থেকে ১৫ কানি জমিতে আগে এনসিপি নেতা আজিজুর রহমানের একটি ইটভাটা ছিল। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা ওই স্থানে বর্ষা মৌসুমে পানি জমতো এবং শুষ্ক মৌসুমে স্থানীয় লোকজন সেটি খেলার মাঠ হিসেবে ব্যবহার করতেন।
গত এক মাস ধরে ভেকু দিয়ে জমির চারপাশে মাটি তুলে বাঁধ তৈরি করা হয়। এরপর গত সাত দিন ধরে বিভিন্ন স্থান থেকে নৌকাযোগে ড্রেজারের বালু এনে জায়গাটি ভরাট করা হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নদীর তীরবর্তী জায়গা ভরাট বন্ধ করে দেয়। এ ছাড়াও দুই লাখ টাকা জরিমানার পাশাপাশি ৩ হাজার ফুট পাইপ ও দুটি ড্রেজার মেশিন ভেঙে বিনষ্ট করা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বলেন, ‘অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’






