ঢাকা   বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চামড়া শিল্পকে মাল্টি-বিলিয়ন ডলারের রফতানিখাতে পরিণত করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ মে ২০২৬, ১১:৩৯ পিএম

চামড়া শিল্পকে মাল্টি-বিলিয়ন ডলারের রফতানিখাতে পরিণত করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চামড়া শিল্পের বিদ্যমান সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগিয়ে একে আগামী দিনে একটি মাল্টি-বিলিয়ন ডলারের রফতানিখাতে পরিণত করাই সরকারের লক্ষ্য।এবার চামড়া পাচারের তেমন সুযোগ নেই জানিয়ে মন্ত্রী বলেন, দেশের সীমান্ত পরিস্থিতির কারণে সংগঠিতভাবে চামড়া পাচারের সুযোগ খুবই সীমিত। তবে চামড়া খাতের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে সংরক্ষণ ও ব্যবস্থাপনার ঘাটতি। এই সমস্যা দূর করা গেলে শিল্পটি আরো বড় পরিসরে বিকশিত হবে।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে সিলেটের চামড়া ব্যবসায়ীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এমনটি বলেন।

বাংলাদেশের চামড়া শিল্পকে আগামী দিনে বহুমাত্রিক সম্ভাবনাময় রফতানিখাতে পরিণত করতে নানা উদ্যোগের কথাও এ সময় তুলে ধরেন মন্ত্রী।

তিনি বলেন, সাভারের চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার বা সিইটিপির কার্যকারিতা ও সক্ষমতা নিয়ে একটি ইতালীয় প্রতিষ্ঠান গবেষণা করছে। আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের প্রতিবেদন পাওয়ার আশা করা হচ্ছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

তিনি জানান, সিইটিপির পরিকল্পিত পরিশোধন সক্ষমতা প্রতিদিন ২৫ হাজার ঘনমিটার হলেও বর্তমানে তা ১৪ থেকে ১৭ হাজার ঘনমিটারের মধ্যে সীমাবদ্ধ। এই সক্ষমতাকে পূর্ণমাত্রায় উন্নীত করার পাশাপাশি ক্রোমিয়াম পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে।

তিনি আরো বলেন, হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের সময় যেসব ট্যানারি সঠিকভাবে কার্যক্রম শুরু করতে পারেনি, সেগুলোর মধ্যে সম্ভাবনাময় প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনে নতুন অর্থায়নের মাধ্যমে পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি নতুন উদ্যোক্তাদেরও চামড়া খাতে বিনিয়োগে উৎসাহিত করা হবে। চামড়া সংগ্রহ নিয়ে ব্যবসায়ীদের প্রত্যাশাকে ইতিবাচক উল্লেখ করে খন্দকার মুক্তাদির বলেন, চামড়া শিল্পের জন্য স্বতন্ত্র বোর্ড গঠন কোনো বিষয় না।

ঈদুল আজহাকে সামনে রেখে তিনি দেশজুড়ে কোরবানির পশুর চামড়া যথাযথভাবে লবণ মাখিয়ে সংরক্ষণের আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে একসাথে সাভারের বর্জ্য পরিশোধন ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ পড়বে না এবং সংরক্ষিত চামড়া সারা বছর ধীরে ধীরে প্রক্রিয়াজাত করা সম্ভব হবে।

চামড়ার দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার একটি নির্দেশনামূলক মূল্য নির্ধারণ করে দিয়েছে। তবে চামড়ার প্রকৃত মূল্য নির্ভর করে পশুর শরীর থেকে কতটা দক্ষতার সাথে চামড়া ছাড়ানো হয়েছে এবং কত দ্রুত ও সঠিকভাবে তা লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে তার ওপর।

মতবিনিময়কালে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ চামড়া ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!