লেবাননে ওয়াশিংটনের মধ্যস্থতায় প্রস্তাবিত একটি নতুন যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। অন্যদিকে লেবানন থেকে সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়ে দিয়েছে ইসরায়েল। উভয় পক্ষের এমন অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে সংঘাত থামানো এবং তেহরানের সঙ্গে শান্তি চুক্তি স্থাপনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খেল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি হওয়া চুক্তিটি সরাসরি প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম। হিজবুল্লাহর এই প্রত্যাখ্যানের বিষয়ে ইসরায়েল বা লেবানন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
এদিকে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি বিশ্বাস করেন লেবানন পরিস্থিতির অগ্রগতি হচ্ছে এবং দেশটির শান্তি পাওয়ার অধিকার রয়েছে। ট্রাম্প বলেন, আপনারা তো জানেনই, এই সংঘাত দীর্ঘ সময় ধরে চলছে।
মার্কিন প্রেসিডেন্টের এমন আশাবাদের মধ্যেও দক্ষিণ লেবাননে জোরালো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, তাদের বাহিনী লেবানন থেকে পিছু হটবে না বা সেখানে সামরিক অভিযানও বন্ধ করবে না।
ওয়াশিংটনের সঙ্গে যেকোনও শান্তি চুক্তির জন্য লেবাননে যুদ্ধবিরতি হওয়াকে অন্যতম প্রধান শর্ত হিসেবে নির্ধারণ করেছে ইরান। একই সঙ্গে তেহরান সাম্প্রতিক দিনগুলোতে এই ইঙ্গিতও দিয়েছে যে, ইসরায়েল যদি লেবাননে হামলা অব্যাহত রাখে তবে তারা সরাসরি এই সংঘাতের ময়দানে হস্তক্ষেপ করতে পারে।






