ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ক্লাসের মাঝেই সমাবেশ বাধ্য হওয়ায় টাঙ্গাইলে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

Authorডেস্ক রিপোর্ট

আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৬:৩৪ পিএম

ক্লাসের মাঝেই সমাবেশ বাধ্য হওয়ায় টাঙ্গাইলে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস চলাকালীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই সমাবেশে’ অংশ নিতে বাধ্য করার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেস ক্লাবে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বর্তমান শিক্ষার্থী সাইফুল বারী, প্রাক্তন শিক্ষার্থী তানজিল আহমেদ ও সজিব আহমেদ। তারা বলেন, “এনসিপির নেতা কর্মীরা ক্লাসরুমে প্রবেশ করে অরাজনৈতিক কথা বলে শিক্ষকদের অনুমতি ছাড়াই শিক্ষার্থীদের সমাবেশে যাওয়ার জন্য বাধ্য করেছে।” এছাড়া নেতাদের সঙ্গে শিক্ষকদের কথাকাটাকাটির ফলে বাধ্য হয়ে বিদ্যালয় থেকে ছুটি ঘোষণা করতে হয়েছে।

বক্তারা আরও দাবি করেন, যারা শিক্ষার্থীদের রাজনৈতিক সমাবেশে বাধ্য করেছে তাদের শাস্তি দাবি করা হচ্ছে। একই সঙ্গে তারা জনসম্মুখে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

এই বিষয়ে জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল বলেন, “ছাত্রদের সমাবেশে নিয়ে আসার জন্য কে বা কারা কাজ করেছে তা আমার জানা নেই। তবে ঘটনাটি জানতে পেরে আমি প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করেছি। প্রয়োজনে ক্লাসে ক্লাসে গিয়ে দুঃখ প্রকাশ করব। ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে, সে জন্য কঠোর নজরদারি থাকবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন জানান, মঙ্গলবার (২৯ জুলাই) এনসিপির নেতারা বিদ্যালয়ে এসে প্রথমে স্বেচ্ছাসেবীদের প্রোগ্রামে যেতে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু ক্লাস চলাকালীন সময়ে কোনো শিক্ষার্থীকে বাইরে যেতে দেওয়া হয়নি। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নিয়মমাফিক স্কুল ছুটি দেওয়া হয়েছে। এনসিপির নেতারা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন কাজ না করার প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে শহরের শামছুল হক তোরণ থেকে জুলাই পদযাত্রা শুরু হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে পথ সমাবেশে মিলিত হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন