হরমুজ প্রণালীতে টহল দেওয়ার সময় মার্কিন সামরিক বাহিনীর একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান। এই ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কড়া জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, “আমাদের মহান সামরিক বাহিনী আমাকে মাত্রই অবহিত করেছে যে, গত রাতে হরমুজ প্রণালীতে টহল দেওয়ার সময় আমাদের একটি অত্যন্ত অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরানিরা।”
প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, আক্রান্ত হেলিকপ্টারটিতে দুইজন পাইলট ছিলেন। সৌভাগ্যবশত তারা দুজনেই সম্পূর্ণ সুরক্ষিত এবং অক্ষত আছেন। তবে পাইলটরা বেঁচে ফিরলেও এই আক্রমণকে সহজভাবে নিচ্ছে না ওয়াশিংটন। ট্রাম্প কড়া বার্তা দিয়ে বলেন, “যাই ঘটুক না কেন, এই হামলার জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবশ্যই প্রয়োজনীয় পাল্টা পদক্ষেপ নেওয়া হবে।”
এর আগে গত ৮ জুন ওমান উপকূলের কাছাকাছি মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। সে সময় হেলিকপ্টারটিতে থাকা দুই ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছিল। প্রাথমিক রিপোর্টের পর ট্রাম্পের এই আনুষ্ঠানিক বিবৃতি মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল।






