ঢাকা   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মধ্যপ্রাচ্যে ‘পূর্ণ যুদ্ধে’র ঝুঁকি নিয়ে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০২:৪৯ এএম

মধ্যপ্রাচ্যে ‘পূর্ণ যুদ্ধে’র ঝুঁকি নিয়ে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণমাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আজ বুধবার (১০ জুন) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

গুতেরেস জানান, এপ্রিল মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখনো পুরোপুরি স্থিতিশীল নয় এবং মাঝে মাঝে সহিংসতা আবারও মাথাচাড়া দিচ্ছে। সাম্প্রতিক সময়ে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর নতুন করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।

তার ভাষায়, ‘আমাদের উচিত নয় সামান্য অগ্নিসংযোগকে হালকা করে দেখা। এটি ধীরে ধীরে বড় আগুনে রূপ নিতে পারে, অর্থাৎ পূর্ণ যুদ্ধের দিকে যেতে পারে।’

জাতিসংঘের মহাসচিবের এই সতর্কবার্তা এমন সময় এলো যখন আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন পক্ষের মধ্যে সংঘাতের ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। জাতিসংঘ আশা করছে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে, না হলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা থেকেই যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন। আজ বুধবার (১০ জুন) র‌্যাপিড রেসপোন্স নামে হোয়াইট হাউসের একটি অফিসিয়াল অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এই হুমকি দেন। ট্রাম্প বলেছেন, ‘গতকাল আমরা তাদের ওপর কঠোর আঘাত হেনেছি এবং আজও আমরা তাদের ওপর কঠোর আঘাত হানতে যাচ্ছি এবং আমরা দেখব চুক্তিটির কী হয়।’

ট্রাম্প আরও বলেছেন, ‘আমরা একটা চুক্তির খুব কাছাকাছি ছিলাম — কিন্তু ওরা আমাদের ঝুলিয়ে রাখছে। ওরা আমাদের বোকা বানাচ্ছে, কারণ জানেন কি? ওরা এর আগে কিছু খুবই বোকা প্রেসিডেন্টের সাথে কাজ করেছে।’ এর আগে নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টেও একইভাবে হুমকি দেন তিনি। তিনি বলেন, ‘ইরানের সামরিক বাহিনী ‘সম্পূর্ণ ও চূড়ান্তভাবে বিপর্যস্ত’ এবং তাদের নৌবাহিনী ও বিমানবাহিনীর মতো ‘আর কার্যত অস্তিত্বই নেই’।

ট্রাম্পের ভাষায়, ‘তারা সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে। ইরান শুধু কথার ফুলঝুরি ছড়ায়, কাজে কিছুই করে না। মধ্যপ্রাচ্যের এই দাদাগিরি করা শক্তি মৃত!!!’ তিনি আরও বলেন, তারা (ইরান) এমন একটি চুক্তি নিয়ে আলোচনা করতে খুব বেশি সময় নিয়েছে, যা তাদের জন্য দারুণ হতো। এখন তাদের এর মূল্য দিতে হবে!!!’

শান্তি চুক্তির লক্ষ্যে কূটনৈতিক আলোচনার মধ্যে গত মঙ্গলবার (৯ জুন) হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি হেলিকপ্টার ভূপাতিত করে ইরান। তার জবাবে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের বান্দার আব্বাস, জাস্ক, কেশম ও সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। জবাবে ইরান জর্ডান, কুয়েথ ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়। যার ফলে যুদ্ধ আবারও তীব্র হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার বলেছে, দক্ষিণ ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আরও মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করার চলমান আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করেছে। ইরানের গণমাধ্যমে প্রচারিত এক ভিডিও বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, ‘দুর্ভাগ্যবশত, যুক্তরাষ্ট্র তার পাঠানো পরস্পরবিরোধী বার্তা, বারবার অবস্থান ও দাবি পরিবর্তন এবং সবচেয়ে খারাপ হলো, বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে এই কূটনৈতিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন