বগুড়ার ধুনট উপজেলায় ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির প্রার্থীর গাড়িবহরে ককটেল হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় সাকিব শাহরিয়ার খান বিজয় (৩০) নামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার বিজয় ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের বাসিন্দা এবং পৌর ছাত্রলীগের সভাপতি।
তিনি প্রয়াত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম আজাদের ছেলে।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে নিজ বাড়ির সামনের রাস্তা থেকে বিজয়কে গ্রেপ্তার করা হয়। রবিবার (১৪ জুন) দুপুর ১টার দিকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগে বের হলে ধুনট শহরের কলাপট্টী এলাকায় তার গাড়িবহরে ককটেল হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এতে বিএনপির অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীর নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরো ২৫০ জনকে আসামি করা হয়। ওই মামলায় অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে বিজয়কে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘ওই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
বার্তা বাজার/এস এইচ






