সপ্তম শ্রেণি থেকে দলগত কাজ, বাস্তবভিত্তিক শিক্ষা ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা উন্নত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
রোববার (১৪ জুন) রাজধানীর বিএএফ শাহীন কলেজে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে জেলা স্টার্টআপ সাইন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেসন আইডিয়া শোকেসিং এর ঢাকা জেলা পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডা. জুবাইদা রহমান বলেন, ৭ম শ্রেণি থেকে দলগত কাজ, বাস্তবভিত্তিক শিক্ষা ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা উন্নত করা হবে।
এ অনুষ্ঠানে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার কথা জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
নতুন প্রজন্মের উদ্ভাবনী শক্তি, নতুন ধারণা আর বিজ্ঞান প্রকল্প নিয়ে ঢাকা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ৩৭টি দলের বিভিন্ন উদ্যোগ ঘুরে ঘুরে দেখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান, শিক্ষামন্ত্রী ও ঢাকা জেলা প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও।
এ সময় রাষ্ট্র বিনির্মাণে সৃজনশীল শিক্ষার গুরুত্ব এবং সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন বক্তারা।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তারা।






