প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের সংবাদ সংগ্রহের জন্য পাসকার্ড না দেওয়া এবং বিভিন্ন কর্মসূচিতে প্রবেশে বাধার অভিযোগ উঠেছে। দিনব্যাপী একাধিক কর্মসূচি কভার করতে গিয়ে জেলার অধিকাংশ গণমাধ্যমকর্মী অনুমতিপত্র না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন বলে সাংবাদিক নেতারা অভিযোগ করেছেন। এ ঘটনায় জেলার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও আলোচনা-সমালোচনা চলছে।
সাংবাদিকদের অভিযোগ, প্রধানমন্ত্রীর সফরের আওতায় জনসমাবেশ ছাড়াও পিএমখালীর পাতলী খাল পুনঃখনন উদ্বোধন, সুধী সমাবেশ, উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচিসহ একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের জন্য কোনো পাসকার্ড ইস্যু করা হয়নি। ফলে তারা নির্ধারিত ভেন্যুতে প্রবেশ, তথ্য সংগ্রহ, ছবি ও ভিডিও ধারণে বাধার মুখে পড়েন।
কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর সফরে পিএম বিটের সাংবাদিকরা থাকলেও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতি সবসময় গুরুত্বপূর্ণ থাকে। অনেক প্রতিষ্ঠান স্থানীয় প্রতিনিধির ওপর নির্ভর করে।
তিনি বলেন, স্থানীয় সাংবাদিকদের সারা দিনব্যাপী সংবাদ সংগ্রহের সুযোগ না দেওয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এটি সাংবাদিকতার মর্যাদার পরিপন্থি। কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
ক্রাইম অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (ক্র্যাক) সভাপতি জসিম উদ্দিন বলেন, জেলা পর্যায়ে প্রধানমন্ত্রীর কোনো সফরে স্থানীয় সাংবাদিকদের বাদ দিয়ে অনুষ্ঠান পরিচালনার ঘটনা এই প্রথম দেখলাম। শুধু তাই নয়, সুধী সমাবেশেও কোনো সাংবাদিককে অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি প্রেসক্লাবের শীর্ষ নেতৃত্বসহ সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়নি। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, এটি শুধু কক্সবাজারের সাংবাদিকদের জন্য নয়, বরং সারা বাংলাদেশের সাংবাদিক সমাজের জন্যই একটি কলঙ্কজনক ও দুঃখজনক ঘটনা। স্থানীয় সাংবাদিকদের এভাবে বঞ্চিত করা সংবাদপেশার মর্যাদা ও স্বাধীনতার পরিপন্থি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।
কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি বলেন, আমার ৪০ বছরের সাংবাদিকতা জীবনে এমন ঘটনা দেখিনি। কোনো জেলার স্থানীয় সাংবাদিকদের এভাবে রাষ্ট্রীয় সফরের সংবাদ সংগ্রহ থেকে বঞ্চিত করার নজির নেই। প্রধানমন্ত্রী প্রতিদিন কোনো জেলায় আসেন না। তাই স্থানীয় সাংবাদিকরা এমন সফর কভার করার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। কিন্তু একটি চক্র সেই সুযোগ নষ্ট করেছে।






