ঢাকা   বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কারখানার দূষিত বর্জ্য বন্ধে এলাকা ভিত্তিক নজরদারি টিম গঠনের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৫:১৫ পিএম

কারখানার দূষিত বর্জ্য বন্ধে এলাকা ভিত্তিক নজরদারি টিম গঠনের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী

শিল্পকারখানার দূষিত বর্জ্যে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি রোধে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি টিম গঠনের পরামর্শ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, পানি দূষণ বন্ধে বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ব্যবহার অত্যন্ত জরুরি। নতুন করে কোনো কারখানার দূষিত বর্জ্যের পানি যাতে কৃষিজমিতে না যায়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

আজ ২৪ জুন (বুধবার) দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব ও উত্তরণে করণীয় বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ভালুকার শিল্পাঞ্চলসংলগ্ন এলাকায় প্রাণ-প্রকৃতি, বিশেষ করে পানিনির্ভর পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। তিনি বলেন, ‘পরিদর্শনে গিয়ে দেখা গেছে, বিভিন্ন কারখানার দূষিত বর্জ্যে আশপাশের এলাকা সয়লাব হয়ে আছে। বিশেষ করে ভরাডোবা এলাকার এক্সপেরিয়েন্স, হ্যারী ফ্যাশন ও মুলতাজিম নামের তিনটি কারখানার বর্জ্যের কারণে প্রায় সাড়ে তিনশ একর জমি অনাবাদি হয়ে পড়েছে। এতে প্রায় এক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এসব কারখানার লাগাম এখনই টেনে ধরতে হবে। দূষিত বর্জ্যের পানি নির্গমনের নালাগুলো আজকের মধ্যেই সিলগালা করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট কারখানা বন্ধ করে দেওয়া হবে বলে হুশিয়ারি দেন তিনি।

শেখ ফরিদুল ইসলাম বলেন, কোনো অবস্থাতেই শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য খাল, নদী, জলাশয় কিংবা কৃষিজমিতে ফেলা যাবে না। ডাইং কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহৃত রাসায়নিক পদার্থ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব বর্জ্য যথাযথভাবে পরিশোধন ছাড়া জলাশয়ে ফেলা হলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দূষণ নিয়ন্ত্রণে দায়িত্ব পালনে কেউ গাফিলতি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘এত সুন্দর সুজলা-সুফলা জনপদকে বিরানভূমিতে পরিণত হতে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিষয়টি আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে।’

মতবিনিময় সভায় ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ফিরোজ হোসেন, সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, কৃষক প্রতিনিধি প্রকৌশলী মো. রুহুল আমীন, মো. শামছুদ্দিন মণ্ডল, মোহাইমেনুল ইসলাম তালুকদার ও আবুল বাশার। সভায় এক্সপেরিয়েন্স কারখানার আইন উপদেষ্টা এজাজ উদ্দিন এবং মুলতাজিম মিলের প্রতিনিধি পুলকময় মজুমদারও বক্তব্য দেন।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন