সিরাজগঞ্জ শহরের বড় বাজারে লিচুসহ বিভিন্ন ফল অতিরিক্ত দামে বিক্রি এবং ক্রয় ভাউচার সংরক্ষণ না করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় এক ফল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (২৪জুন) দুপুর ১২টায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে তিনি সাংবাদিকদের জানান, বড় বাজারের ফল ব্যবসায়ী মো. মোতালেব হোসেন বাজারদরের চেয়ে বেশি দামে লিচু বিক্রি করছিলেন। এছাড়া তার কাছে পণ্যের ক্রয়-সংক্রান্ত বৈধ ভাউচারও পাওয়া যায়নি। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় তিনি ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নেওয়ার বিষয়টি স্বীকার করেন। এদিকে শহরের মিরপুর এলাকায় অবস্থিত আইসক্রিম ও দধি উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘মীনা আইসক্রিম’ কারখানায়ও অভিযান চালানো হয়।
সেখানে অনুমোদনহীন রং, ফ্লেভার ও সাইট্রিক অ্যাসিড ব্যবহার করে শিশু খাদ্য হিসেবে আইসক্রিম ও দধি উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া আরও বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক মো. সোহানুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ব্যাটালিয়ন আনসারের সদস্য এবং জেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এস এইচ






