কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের দিনাতপুর এলাকায় প্রায় ২ কেজি গাঁজাসহ উজ্জ্বল নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। (২৪জুন) বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকা থেকে মাদক নিয়ে আসার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে উজ্জ্বলকে ধাওয়া করা হয়। একপর্যায়ে তিনি সঙ্গে থাকা প্রায় ২ কেজি গাঁজা ফেলে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবক ও উদ্ধারকৃত গাঁজা নিজেদের হেফাজতে নেয়।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, আটক উজ্জ্বলের সঙ্গে কিশোরগঞ্জ জেলার বাসিন্দা লাদেন (২৮) নামের এক ব্যক্তির যোগাযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় বসবাসরত ওই ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তারা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন লাদেনের পরিবার।
লাদেনের মা বলেন, আমার ছেলে মারধরের শিকার হয়েছে। ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। পরে এসে জানতে পারি, সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অন্যদিকে লাদেনকে বসবাসের জন্য ঘর ভাড়া দেওয়া জাহানারা বেগম বলেন, পারিবারিক সম্পর্কের কারণে তাকে থাকার সুযোগ দেওয়া হয়েছিল। তবে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠায় ভবিষ্যতে তাকে আর ভাড়া দেওয়া হবে না।
স্থানীয় ব্যবসায়ী শাহজাহান অভিযোগ করেন, এলাকায় অপরিচিত লোকজনের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় তিনি আপত্তি জানালে তার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন গাঁজা সহ আটক উজ্জ্বলের বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা বাজার/এস এইচ






