ঢাকা   শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভালুকায় কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা, দেশীয় অস্ত্র নিয়ে মহড়া

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১২:২২ এএম

ভালুকায় কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা, দেশীয় অস্ত্র নিয়ে মহড়া

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় অবস্থিত এসকিউ কারখানার ঝুট (ওয়েস্টেজ) ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। প্রতিপক্ষকে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগও উঠেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কয়েক শত লোক লাঠিসোঁটা নিয়ে এলাকায় মিছিল ও মহড়া দেয়। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, এসকিউ কারখানার ঝুট সংগ্রহ ও বিক্রির নিয়ন্ত্রণ নিয়ে গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই সম্প্রতি এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের কারণে এলাকায় নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তাঁরা যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের দাবি, এর আগেও একই বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল।

হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় বিএনপি নেতা আমিনুল ইসলাম বাসান বলেন, ‘আওয়ামী লীগের কিছু লোক ও মামলার আসামিরা জড়ো হওয়ার চেষ্টা করছিল। তাদের প্রতিহত করতেই মিছিল বের করা হয়।’

অন্যদিকে এসকিউ কারখানার ঝুট ব্যবসার কার্যাদেশ দাবিদার উপজেলা বিএনপির বহিষ্কৃত ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মুর্শেদ আলম বলেন, তিনি দীর্ঘ ২২ বছর ধরে ওই ব্যবসার সঙ্গে জড়িত। তবে জাতীয় সংসদ নির্বাচনের পর একটি পক্ষ তাঁর ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার প্রশাসনের হস্তক্ষেপ ও স্থানীয় রাজনৈতিক পরিস্থিতির কারণে কারখানা থেকে ঝুট বের করতে পারিনি।’

স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ (বাচ্চু) বলেন, ‘ফ্যাসিবাদপন্থী লোকজন একত্রিত হওয়ার খবর পেয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করেছে জানাতে পেরেছি। কারখানার ব্যবসা-সংক্রান্ত কোনো বিষয়ে আমি অবগত নই।’

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় গোলযোগের কোনো ঘটনার বিষয়ে তাঁর কাছে তথ্য নেই।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন বলেন, ঝুট ব্যবসা নিয়ে এর আগেও দুই পক্ষের মধ্যে বিরোধ হয়েছিল। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা নিজেদের সিদ্ধান্তে মালামাল বের না করার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। এ বিষয়ে প্রশাসনের কোনো ভূমিকা নেই।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন