পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত লায়ন্স ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এবং লিও ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের লোকনাথ দিঘীর পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরে স্থানীয় আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার ফাউন্ডার লায়ন এ টি এম ফয়জুল কবির, আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু জামাল, সামাজিক সংগঠন ‘তরী বাংলাদেশ’-এর আহ্বায়ক শামীম আহমেদ, ক্লাব সেক্রেটারি লায়ন স্বপন কুমার দেবনাথ এবং লিও অ্যাডভাইজার লায়ন স্থপতি রুবেল মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন লিও ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট লিও সুমাইয়া খানম মিলা, বর্তমান প্রেসিডেন্ট লিও ইভান মিয়া এবং লায়ন্স ও লিও ক্লাবের অন্যান্য সদস্যরা।
এ সময় অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত গাছের পরিচর্যা করার আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
বার্তা বাজার/এস এইচ






