ঢাকা   শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:২৭ এএম

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মো. নুরুল হক বলেছেন, মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমানকে দেশের আপামর জনসাধারণ সমর্থন দিয়েছিল। তখন আওয়ামী লীগ ছিল গণমানুষের দল। কিন্তু স্বাধীনতার পর দলটি ধীরে ধীরে স্বৈরাচারী রূপ ধারণ করে এবং একদলীয় শাসনব্যবস্থার চিন্তা তাদের মাথায় চেপে বসেছিল।

শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালীর দুমকি উপজেলা অডিটোরিয়ামে গণঅধিকার পরিষদ (জিওপি) দুমকি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যেমন মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করেছে, তেমনি তাদের আমলে কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজও হয়েছে, যা অস্বীকার করার সুযোগ নেই। পটুয়াখালীতে ইপিজেড ও পায়রা সমুদ্রবন্দর আওয়ামী লীগের আমলেই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পায়রা বন্দর পুরোপুরি চালু হলে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমানের আমূল পরিবর্তন ঘটবে। এ অঞ্চলের অর্থনীতি আরও গতিশীল হবে। পাশাপাশি ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত চার বা ছয় লেনের মহাসড়ক নির্মাণ এখন সময়ের দাবি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ দুমকি উপজেলা শাখার আহ্বায়ক মো. মুন্না জহির এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. নাসির উদ্দিন জুয়েল।

এ সময় আরও বক্তব্য দেন, দুমকি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাহার উদ্দিন বাহার, প্রেস ক্লাব দুমকির সভাপতি জসিম উদ্দিন সুমন, বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেন এবং জলিশা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোহেল খান।

মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক নেতারা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষরা উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন