ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎ এর তারে স্পৃষ্ট হয়ে দুই মাদ্রাসার ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৫ জুলাই) বিকেলে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার চারতলা মহরমপাড়া এলাকার সৌদি প্রবাসী আলম মিয়ার ছেলে চান বাদশা (৮) এবং তালশহর দক্ষিণপাড়া এলাকার নিয়াজ বাড়ির নাসিম মিয়ার ছেলে রিয়ান নিয়াজ (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েকজন শিশু একসঙ্গে মাদ্রাসার সামনের মাঠে ফুটবল খেলার পর পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় পুকুরে ছিড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পর্শ হয় দুই শিশুর। এতে গুরুতর আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এছাড়াও আরো একজন শিশু তাদের উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। ঘটনার পর নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
এ বিষয়ে আশুগঞ্জ থানার পরিদর্শক তদন্ত আবু হেনা মো. মোস্তফা রেজা দুইজন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা বাজার/এস এইচ






