তৃতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করা হয়নি বাংলাদেশের। তার আগেই অবশ্য সিরিজ ২-০ তে স্বাগতিকরা নিশ্চিত করেছে। ধবলধোলাই করতে না পারার আক্ষেপ থাকলেও ব্যক্তিগত মাইলফলকে দিনটা স্মরণীয় করে রেখেছেন অধিনায়ক লিটন দাস।
লিটন দাস তার ১৪তম টি-টোয়েন্টি ফিফটি তুলে নিয়ে বাংলাদেশের হয়ে সর্বাধিক অর্ধশতকের তালিকায় সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন।
বুধবার সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে এই মাইলফলকে পৌঁছান তিনি।
আউট হওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক ৪৬ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন, যেখানে ছিল ছয়টি চার ও চারটি ছক্কার মার।
সিরিজের প্রথম ম্যাচে ফিফটিতে সাকিবের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন লিটন, তবে সর্বশেষ ইনিংসের পর এখন তিনি একাই শীর্ষে। এখানেই শেষ নয়। এই ইনিংসে তিনি বাংলাদেশের হয়ে মাহমুদউল্লাহ রিয়াদের টি-টোয়েন্টিতে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ডে ভাগও বসিয়েছেন। দুজনেরই ছক্কার সংখ্যা এখন ৭৭, তবে লিটন খেলেছেন উল্লেখযোগ্যভাবে কম ম্যাচ। মাহমুদউল্লাহর ১৪১ ম্যাচের বিপরীতে লিটন খেলেছেন ১১০ ম্যাচ।
এছাড়াও, লিটন বাংলাদেশের সবচেয়ে সফল টি-টোয়েন্টি অধিনায়ক। তার নেতৃত্বে টাইগাররা ১৯ ম্যাচে ১০টি জিতেছে, একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। ফলে ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যানের অধিনায়কত্বে জয়ের হার দাঁড়িয়েছে ৫২.৬৩ শতাংশ।






