খুলনা জেলা কারাগার থেকে দেয়াল টপকে পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝিকে মাত্র দুই ঘণ্টার মধ্যেই পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। দ্রুত পরিকল্পনা, সমন্বিত অভিযান ও কারারক্ষীদের তৎপরতায় পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে পুরুষ ওয়ার্ডে অবস্থানকালে কৌশলে মহিলা ওয়ার্ডের বাথরুমের কাছে পৌঁছে যায় ইমন মাঝি। পরে বাথরুমের পাইপ বেয়ে কারাগারের পূর্ব পাশের দেয়াল টপকে পালিয়ে যায় সে। বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে কারাগারে পাগলা ঘণ্টা বাজিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়।
ঘটনার পরপরই খুলনা জেলা কারাগারের সুপার আবু সায়েমের নেতৃত্বে কারারক্ষীদের একাধিক টিম মাঠে নামে। সম্ভাব্য বিভিন্ন স্থানে একযোগে অভিযান পরিচালনা করা হয়। টানা অনুসন্ধান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালিয়ে যাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই ইমন মাঝিকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হন তারা।
কারা কর্তৃপক্ষ জানায়, দ্রুত অভিযানের ফলে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে। পুনরায় গ্রেপ্তারের পর হাজতিকে কারাগারে নেয়া হয়েছে। এছাড়া, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।






