লালমনিরহাট সদর উপজেলায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত সাংবাদিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সাংবাদিক মো. রুহুল আমিন রাসেল (৩০) জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন ও DRB নিউজ-এর লালমনিরহাট জেলা প্রতিনিধি।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, শুক্রবার (১০ জুলাই ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সাপটিবাড়ি বাজার এলাকায় পূর্বে প্রকাশিত একটি সংবাদের বিষয়ে কথা বলার জন্য হারাটি ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতাকর্মী তাকে ডেকে নেন। পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় তিনি গোপনে ক্যামেরা চালু রেখে সেখানে যান। অভিযোগে বলা হয়, কথোপকথনের একপর্যায়ে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালান।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—হারাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফাতাংটারী গ্রামের মো. রফিক মিয়া (৪০), পিতা: মৃত আনছার আলী; কল্লোল আহমেদ (৩৮), পিতা: মৃত জয়নাল আবেদীন; এবং মো. আবু তালেব (৩৮), পিতা: মৃত আব্দুল মুন্সিসহ আরও কয়েকজন।
সাংবাদিক রুহুল আমিন রাসেলের দাবি, হামলাকারীরা তাকে মারধর করে একটি দোকানের ভেতরে আটকে রাখেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। পরে তিনি মোবাইল ফোনে লালমনিরহাট সদর থানায় যোগাযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলায় তার বাম চোখের পাশসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাংবাদিক রুহুল আমিন রাসেল বলেন, কয়েকদিন আগে নারী-সংক্রান্ত একটি ঘটনার সংবাদ প্রকাশের জেরে তার ওপর এ হামলা চালানো হয়েছে বলে তিনি মনে করছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি তিনি প্রশাসনের কাছে ন্যায়বিচার কামনা করেন।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত সাংবাদিককে উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার/এস এইচ






