ঢাকা   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শিশুদের সঙ্গে সেলফি তুলে ক্রীড়া সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৮:৪৮ পিএম

শিশুদের সঙ্গে সেলফি তুলে ক্রীড়া সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

বরিশাল সফরের সময় পথের ধারে দাঁড়িয়ে থাকা শিশু শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলে তাদের ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার বরিশাল ক্যাডেট কলেজসংলগ্ন শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ উপহার দেন প্রধানমন্ত্রী।

জেলায় পৃথক তিনটি কর্মসূচিতে অংশ নিতে সোমবার সকালে সড়কপথে বরিশাল সফরে যান প্রধানমন্ত্রী। বরিশালে প্রবেশের প্রথম উপজেলা গৌরনদী থেকে নগরীর দূরত্ব প্রায় ৪৪ কিলোমিটার। তবে পথে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ ও অনির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়ায় এ পথ অতিক্রম করতে তাঁর প্রায় তিন ঘণ্টা ১০ মিনিট সময় লাগে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই মহাসড়কের দুই পাশে শত শত নেতাকর্মী অবস্থান নেন। তিনি গাড়ির ভেতর থেকেই হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। কয়েকটি স্থানে নেতাকর্মীরা গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ায় বহরকে এক থেকে দুই মিনিটের জন্য থামতে হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল ক্যাডেট কলেজের বিপরীতে মধ্য রহমতপুর এলাকায় সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া চলছিল। প্রধানমন্ত্রী সেখানে গিয়ে মহড়া পরিদর্শন করেন। যদিও এ কর্মসূচি তাঁর সরকারি সফরসূচিতে উল্লেখ ছিল না।

মহড়াস্থলে যাওয়ার পথে শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখে প্রধানমন্ত্রী গাড়ি থামান। পরে গাড়ির দরজায় দাঁড়িয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের মোবাইল ফোনে সেলফি তোলেন এবং ব্যাডমিন্টন সেট ও ফুটবল উপহার দেন। পাশাপাশি শিশুদের নিয়মিত খেলাধুলা করার পরামর্শ দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী আমাদের বিদ্যালয়ের সামনে গাড়িবহর থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন। তিনি তাদের সঙ্গে সেলফি তুলেছেন এবং ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন। এটি আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত স্মরণীয় একটি মুহূর্ত।

সংশ্লিষ্টরা জানান, গৌরনদীর শরিকল-বাটাজোর খালে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সকাল ১০টা ৫৪ মিনিটে প্রধানমন্ত্রী বরিশাল নগরীর উদ্দেশে রওনা হন। স্বাভাবিকভাবে আধা ঘণ্টার মধ্যেই তাঁর নগরীতে পৌঁছানোর কথা থাকলেও পথে বিভিন্ন স্থানে অনির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়ায় তিনি দুপুর ২টার দিকে পৌঁছান।

বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর ও জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন বিএনপির উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন