ঢাকা   শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মসজিদের ইমামকে ঘিরে বিরোধে ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:০৫ পিএম

মসজিদের ইমামকে ঘিরে বিরোধে ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সাড়াতলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম পরিবর্তনকে কেন্দ্র করে মসজিদ কমিটির সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে বিএনপি ও জামায়াত সমর্থকরা কয়েক দিন একই সময়ে মসজিদের ভেতর ও বারান্দায় পৃথক জামাতে নামাজ আদায় করেন। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের সাড়াতলা কেন্দ্রীয় জামে মসজিদের বর্তমান ইমামকে নিয়ে কমিটির সদস্যদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। কমিটিতে বিএনপি ও জামায়াত—উভয় পক্ষের সমর্থক রয়েছেন। জামায়াত সমর্থকরা বর্তমান ইমামকে পরিবর্তনের দাবি জানালেও বিএনপি সমর্থকরা তাকে বহাল রাখার পক্ষে অবস্থান নেন।

বিরোধের একপর্যায়ে গত শনিবার থেকে দুই পক্ষ একই সময়ে পৃথক জামাতে নামাজ আদায় শুরু করে। বিএনপি সমর্থকরা বর্তমান ইমামের নেতৃত্বে মসজিদের ভেতরে নামাজ পড়েন। অন্যদিকে জামায়াত সমর্থকরা নিজেদের মধ্য থেকে একজনকে ইমাম করে মসজিদের বারান্দায় পৃথক জামাত পরিচালনা করেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে উভয় পক্ষের প্রতিনিধি ও বর্তমান ইমামকে থানায় ডাকেন। রাত ৮টা থেকে প্রায় চার ঘণ্টা বৈঠকের পর উভয় পক্ষ বর্তমান ইমামকে বহাল রাখার বিষয়ে সম্মত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নতুন মসজিদ কমিটি গঠন না হওয়া পর্যন্ত তিনিই ইমামতির দায়িত্ব পালন করবেন।

জামায়াতে ইসলামী সাড়াতলা ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, বর্তমান ইমাম নিয়মিত সময়মতো মসজিদে আসতেন না এবং নামাজ পরিচালনায় বিলম্ব হতো। এসব বিষয় বিবেচনায় তাকে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু বিএনপি সমর্থকদের আপত্তির কারণে বিরোধ তৈরি হয়। পরে থানায় আলোচনার মাধ্যমে বিষয়টির সুন্দর সমাধান হয়েছে।

ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন বলেন, খুতবায় কোরআন-হাদিসের আলোচনাই হওয়া উচিত, কোনো রাজনৈতিক বা ভিন্ন বক্তব্য নয়। এ বিষয়টি নিয়েই মূলত মতবিরোধের সূত্রপাত হয়। তবে পুলিশের উদ্যোগে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে একমত হয়েছে এবং বর্তমানে আর কোনো সমস্যা নেই।

শুক্রবার জুমার নামাজের আগে ওসি মেহেদী হাসান সাড়াতলা কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সম্প্রীতি রক্ষা এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।

ওসি মেহেদী হাসান বলেন, ‘মসজিদকে কেন্দ্র করে কোনো ধরনের সংঘাত বা সহিংসতা কাম্য নয়। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সার্বক্ষণিক নজরদারি করছে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন