নীলফামারীর সৈয়দপুরে হৃদয় ইসলাম (২১) নামে এক যুবককে গলাকাটা ও গুরুতর আহত অবস্থায় রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সোমবার (৩ আগস্ট) সকালে শহরের ইসলামবাগ চিনি মসজিদ এলাকার রেলওয়ে কারখানার নিরাপত্তা প্রাচীরসংলগ্ন রেললাইনের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। আহত হৃদয় শহরের চওড়া বাগিচাপাড়া এলাকার মহুবার রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে রেললাইনের পাশে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন এগিয়ে যান। পরে দেখা যায়, তার গলায় গভীর ক্ষত এবং হাতের কব্জিতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাইয়ুল কবির রাজীব জানান, ধারালো অস্ত্রের আঘাতে আহত যুবকের গলা ও হাতের কব্জিতে গুরুতর জখম হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, গলা ও হাতে গুরুতর জখম অবস্থায় এক যুবককে রেললাইনের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।






