নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যার অন্যতম দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাঈম ইসলাম সাকিব (২৬) ও মো. রাহাত (২৪)।
সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এসআই হৃদয় মাহমুদ লিটন, এএসআই অসিত নাথ, এএসআই শাহ আলমসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার নাঈম ইসলাম সাকিবের বিরুদ্ধে দ্রুত বিচার আইন এবং দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় চান্দগাঁও থানায় তিনটি মামলা রয়েছে। অন্যদিকে রাহাতের বিরুদ্ধে ২০২২ সালে দণ্ডবিধির ৩৯২ ধারায় একটি মামলা দায়ের হয়েছিল।
গ্রেপ্তার দুজনের মধ্যে নাঈম ইসলাম সাকিব ভোলার লালমোহন থানার চরভুতা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চান্দগাঁওয়ের শমসেরপাড়া এলাকায় বসবাস করছিলেন। রাহাত চান্দগাঁও থানাধীন পুরাতন চান্দগাঁও এলাকায় বসবাস করেন।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার দুজনই শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যার অন্যতম সহযোগী।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় দায়ের করা ৭ আগস্টের মামলায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় আদালতে পাঠানো হয়েছে।






