বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। পাশাপাশি দেশে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির চর্চাও দীর্ঘদিনের।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় বরিশালের গৌরনদী উপজেলার ক্যাথলিক চার্চ পরিদর্শন শেষে আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও রাষ্ট্রদূতের স্ত্রী ডিয়ান ডাওক।
রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র, ধর্মীয় স্বাধীনতা ও সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে। বাংলাদেশেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ধর্মীয় স্বাধীনতা চর্চা অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, ধর্মীয় স্বাধীনতার ধারণা যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার আগে থেকে চলে আসছে। প্রথম দিকে অনেক অভিবাসী নিজেদের ধর্মীয় বিশ্বাস স্বাধীনভাবে প্রকাশ করতে এসেছিল। এ কারণেই ধর্মীয় স্বাধীনতা আজও যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতি বছর যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে এবং বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে। যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম মূলনীতি হলো ধর্মীয় স্বাধীনতা। প্রত্যেক মানুষ যেন কোনো ধরনের নিপীড়ন বা সহিংসতার ভয় ছাড়াই নিজ ধর্ম পালন করতে পারে- সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে।
ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা করা সহজ নয় উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ধর্মীয় গুরুদের অবদান অপরিসীম। কোনো ধর্মীয় বিরোধ দেখা দিলে তা যেন বড় কোনো সংঘাতে রূপ না নেয়, সেদিকে স্থানীয় ও ধর্মীয় নেতাদের সতর্ক থাকতে হবে। ধর্ম যার যার উৎসব সবার এ ধারণা একটি চমৎকার উদ্যোগ। যুক্তরাষ্ট্রেও বর্তমানে বিভিন্ন ধর্মের উৎসবকে সবার সঙ্গে ভাগ করে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের দেশ একটা অর্থনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে। এটিকে সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করতে সামাজিক স্থিতিশীলতা প্রয়োজন। সে কারণে সব নাগরিকের মধ্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা দরকার। ধর্মীয় সম্প্রীতি শুধু সুখ শান্তির বিষয় নয়, এটা দেশের অর্থনীতির সমৃদ্ধির বিষয়।
ক্যাথলিক চার্চের প্রধান পুরোহিত ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীমের সঞ্চালনায় বক্তব্য দেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার, কলেজ অব ক্রিশ্চিয়ান থিওলজি বাংলাদেশের উপাচার্য রেভারেন্ড ড. পলাশ রায়, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, বশির আহম্মেদ পান্না, ধর্মীয় নেতা মাওলানা আসাদুজ্জামান, যতীন্দ্রনাথ মিস্ত্রি, ফাদার মাইকেল দেউড়ি প্রমুখ। এ সময় ধর্মীয় নেতারা তাদের বক্তৃতায় বাংলাদেশে সাম্প্রদায়িক সহাবস্থানের কথা তুলে ধরেন।
সংলাপ শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও তার স্ত্রী।
এর আগে দুই দিনের সফরে বরিশালে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তিনি ঝালকাঠির ভীমরুলীতে ভাসমান বাজার এবং পেয়ারা বাগান পরিদর্শন করেন।
এ ছাড়া বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুরে প্রাচীন ঐতিহ্য মিয়াবাড়ি জামে মসজিদ পরিদর্শন করেন। পরে ওইদিন দুপুরে বরিশাল প্রেস ক্লাব আয়োজিত নৌ-ভ্রমণে অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত। সোমবার সকালে বরিশাল নগরীর ঐতিহ্যবাহী অক্সফোর্ড মিশন স্কুল এবং গির্জা পরিদর্শন করেন ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
বার্তা বাজার/আইকে






