ঢাকা   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শেষ কর্মদিবসের দিন কফিনে করে বিদ্যালয়ে এলেন প্রধান শিক্ষক

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:৩৭ পিএম

শেষ কর্মদিবসের দিন কফিনে করে বিদ্যালয়ে এলেন প্রধান শিক্ষক

জেলার হাজীগঞ্জে বিদ্যালয় থেকে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার কথা ছিল প্রধান শিক্ষক তপন কুমার সাহার (৫৯)। সহকর্মীরা প্রস্তুত করেছিলেন বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট। কিন্তু সেই আয়োজনের দিনেই কফিনে করে নিজ কর্মস্থলে ফিরতে হলো তাকে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কয়েক ঘণ্টা পর তার মরদেহ নেওয়া হয় বিদ্যালয় প্রাঙ্গণে। সেখানে তৈরি হয় এক হৃদয়বিদারক পরিবেশের।

সোমবার (৩১ আগস্ট) সকালে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে এই মর্মস্পর্শী ঘটনা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে প্রধান শিক্ষক তপন কুমার সাহাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। সহকর্মীরা অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি তার জন্য ক্রেস্টও প্রস্তুত করেছিলেন। কিন্তু ভোররাতে আসে তার মৃত্যুর খবর। চাঁদপুর শহরের নিজ বাসভবনে রাত প্রায় ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

সহকর্মী তানজিলা আক্তার বলেন, ‘স্যারকে বিদায়ী অনুষ্ঠান ও ক্রেস্ট দেওয়ার জন্য আমরা দুপুরের অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। কিন্তু ভোররাতে ফোনে জানতে পারি, স্যার রাতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

আরেক সহকর্মী লিমা আক্তার জানান, রাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হন তপন কুমার সাহা। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রবিউল আলম অরুণ বলেন, ‘স্যারের বিদায় সংবর্ধনায় আমি অতিথি ছিলাম। স্যারকে অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানানোর কথা ছিল। কিন্তু আজ তাকে চিরবিদায় দিতে হলো। তার এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শিক্ষার্থীসহ আমরা সবাই ব্যথিত ও ভারাক্রান্ত।’

মৃত্যুকালে তপন কুমার সাহা স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। কর্মজীবনের শেষ সময়ে সহকর্মী-শিক্ষার্থীদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার বদলে কফিনে করে বিদ্যালয়ে তার ফিরে আসার দৃশ্য উপস্থিত সবাইকে শোকাহত করে তোলে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন