ঢাকা   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রবাসীর স্ত্রী ও কোটি টাকা নিয়ে পালানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বিচার দাবি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ এএম

প্রবাসীর স্ত্রী ও কোটি টাকা নিয়ে পালানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বিচার দাবি

নরসিংদীতে মো. নয়ন মোল্লা নামে এক সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে কোটি টাকার নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার অভিযোগ তুলে বিচার দাবি করেছে এক ভুক্তভোগী প্রবাসীর পরিবার।

অভিযুক্ত নেতার বিচার ও নিজেদের জীবনের নিরাপত্তা না পেলে রাস্তায় নেমে লাইভে এসে শরীরে কেরোসিন ঢেলে সপরিবারে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী পৌর পার্কের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান কুয়েত প্রবাসী লুৎফর রহমানের পরিবার।

অভিযুক্ত ওই নেতার নাম অ্যাডভোকেট মো. নয়ন মোল্লা। তিনি নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক আইনবিষয়ক সহ-সম্পাদক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

সম্প্রতি নানা অপকর্মের অভিযোগে গত ২৫ আগস্ট নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

জানা গেছে, আদালতে একটি মামলার সূত্রে প্রবাসী লুৎফর রহমান ও তার স্ত্রী হাফসা বেগমের সঙ্গে পরিচয় হয় অ্যাডভোকেট নয়ন মোল্লার। অভিযোগ রয়েছে, পরিচয়ের সূত্র ধরে বিভিন্ন অজুহাতে প্রবাসীর পাঠানো টাকা হাতিয়ে নিতে শুরু করেন নয়ন।

একপর্যায়ে গত ৩ আগস্ট হাফসা বেগম স্বামীর পাঠানো নগদ ১ কোটি ১০ লাখ টাকা এবং ৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে নয়ন মোল্লার সঙ্গে পালিয়ে যান। এই খবর পেয়ে কুয়েত থেকে দ্রুত দেশে ছুটে আসেন লুৎফর রহমান।

মানববন্ধনে প্রবাসীর ছোট বোন শাহিদা আক্তার বলেন, ‘আমরা বিএনপি পরিবারের সন্তান এবং বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে সম্মুখসারিতে ছিলাম। আন্দোলন করার কারণে আমার ভাইকে সেদেশে জেলও খাটতে হয়েছে। তবে এখন আমরা কেন দলীয় নেতার দ্বারাই নির্যাতিত হবো?’

নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরে শাহিদা আক্তার আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমাদের পরিবারের নিরাপত্তা চাই। আর যদি আমাদের পরিবার নিরাপত্তা না পাই এবং নয়ন মোল্লার বিচার না হয়; তবে আমাদের পুরো পরিবার রাস্তায় নেমে লাইভে এসে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যা করবো। কারণ নয়ন বলে বেড়াচ্ছে যে, প্রধানমন্ত্রী ‘তারেক রহমানেরও’ নাকি তার বিচার করার ক্ষমতা নেই। তার এত ক্ষমতার উৎসটা কোথা থেকে এলো? আমাদের যেহেতু নিজেদের জীবনের নিরাপত্তাই নেই, অন্যের হাতে মৃত্যুর চেয়ে ভালো নিজের জীবন নিজেরাই দিয়ে দিবো। তবোওতো মানুষ জানবে বিচার না পাওয়ার কারণে নিজের জীবন নিজে নিয়েছে।’

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘নরসিংদী মডেল থানা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আইনজীবী সমিতি এবং বাংলাদেশ বার কাউন্সিলসহ এমন কোনো জায়গা নেই যেখানে লিখিত অভিযোগ করিনি। তবে কোথাও থেকে কোনো সাড়া পাচ্ছি না। এমনভাবে চলতে থাকলে আমাদের আত্মহত্যার পথ বেছে নেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।’

মানববন্ধনে ভুক্তভোগীর বোন শাহিদা আক্তার ছাড়াও বক্তব্য রাখেন সফিকুল ইসলাম, রুমি বেগম, শাহীতা বেগম, রেবেকা বেগম, মো. জিয়া ও তোফাজ্জল হোসেনসহ পরিবারের অন্য সদস্যরা। তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত নয়ন মোল্লার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া মেলেনি।

নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান ভূইয়া বলেন, ‘অ্যাডভোকেট নয়নের বিরুদ্ধে লিখিত অভিযোগ আমরা পেয়েছি। ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তদন্ত সাপেক্ষে উভয় পক্ষকে সামনে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও কোর্ট প্রাঙ্গণে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা থাকলে এবং তা আমাদের জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

এদিকে নরসিংদী মডেল থানার ওসি এ আর এম আল-মামুন বলেন, ‘আমাদের কাছে প্রবাসী তার স্ত্রী-সন্তান নিখোঁজ হয়েছে এমন একটি জিডি করেছেন। জিডির প্রেক্ষিতে তদন্ত করে জানতে পেরেছি ওই নারী প্রবাসীকে তালাক দিয়েছেন। আর সন্তানদের উদ্ধারের জন্য আদালত থেকে সার্চ ওয়ারেন্ট ইস্যু করে আনার জন্য প্রবাসীকে বলা হয়েছে। এনে দিলে আমরা সন্তান উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন